ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উন্নয়নে প্রস্তাবিত 'ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ)' বাস্তবায়নে বাধার সৃষ্টি করলে আইন নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
তিনি আরো বলেছেন, ড্যাপ বাস্তবায়নে কোনো বাধাই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।
রোববার 'ড্যাপ' বাস্তবায়ন সংক্রান্ত এক সভায় বাংলাদেশ ভূমি উন্নয়ন সমিতির (বিএলডিএ) সভাপতি ও বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ (শাহ আলম) আবাসন ব্যবসায়ীরা ড্যাপ'র কড়া সমালোচনা করে তা মানবেন না বলে জানান।
ওই সভায় শাহ আলম মন্ত্রীকে ধমক দেওয়ার খবর সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচার পায়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি ড্যাপ পরিকল্পনা প্রণয়নে কাজ করেছিল।
ওই প্রতিবেদনে ঢাকার বিশাল এলাকাকে (প্রায় ২১ শতাংশ) জলাধার হিসেবে রেখে উন্নয়নের কথা বলা হয়েছে।
সচিবালয়ে নিজ কার্যালয়ে সোমবার প্রতিমন্ত্রী মান্নান খান সাংবাদিকদের বলেন, "যেকোনো মূল্যে ড্যাপ বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে কোনো বাধাই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।"
ড্যাপ প্রসঙ্গে প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, "প্রায় ৫৯০ বর্গমাইল (এক হাজার ৫৯৮ বর্গকিলোমিটার) এলাকা নিয়ে ঢাকা মহানগরীর উন্নয়ন পরিকল্পনা এটি। উত্তরে গাজীপুর পৌরসভার উত্তর প্রান্ত, দক্ষিণে ধলেশ্বরী নদীর তীর, পূর্বে শীতলক্ষা ও তারাবো পৌরসভা এবং কেরাণীগঞ্জের একটি বড় অংশ নিয়ে এ পরিকল্পনাটি করা হয়েছে।"
ড্যাপের বিরোধিতাকারীদের 'উন্মাদ' হিসেবে আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, "কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে আমরা জনগণের স্বার্থ জলাঞ্জলি দিতে পারি না। এ অধিকার জনগণ আমাকে দেয়নি। কোন ব্যক্তিকে জলাধার দখল করে কালভার্ট নির্মাণ বা ফ্ল্যাট নির্মাণ করে মুনাফা লুটতে দেওয়া যায়না। এর পরিণতি কী হতে পারে, তা নগরবাসী দেখতেই পারছে।
"অতীতের সরকারের সময় খুনী ও ভূমি দস্যুদের এভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে বলেই তারা আজ ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার সাহস পেয়েছে। কিন্তু তাদের দিন শেষ হয়ে গেছে", বলেন তিনি।
রোববারের ওই সভায় অসৌজন্যমূলক আচরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা? এ প্রশ্নের জবাবে মান্নান খান বলেন, "আমাকে যারা হত্যার চেষ্টা করে, আমি তাদেরও বুকে টেনে নিই। আমি প্রতিহিংসার রাজনীতি করি না।"
তিনি রোববারের সভায় আবাসন ব্যবসায়ীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের নিন্দা প্রকাশ এবং এ নিয়ে সাহসী সংবাদ প্রকাশ করায় গণমাধ্যমের ভূয়সী প্রশংসা করেন।
পূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি থেকে আবাসন ব্যবসায়ী সাংসদদের সরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বা স্পিকারের কাছে কোনো আবেদন করবেন কী না জানতে চাইলে সরাসরি জবাব না দিয়ে মান্নান খান বলেন, "আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।"
বর্তমান সংসদীয় রীতি অনুযায়ী, সাংসদরা কোনো মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরিভাবে সম্পর্কিত কোনো ব্যবসায় জড়িত থাকলে ওই মন্ত্রণালয় সম্পর্কিত কোনো সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হতে পারেন না।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আওয়ামী লীগ সাংসদ নসরুল হামিদ বিপু বর্তমানে রিহ্যাবের সভাপতির দায়িত্বে রয়েছেন।
১৯৯৫ সালে 'ড্যাপ' পরিকল্পনা প্রণয়নের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়। পরে তা মন্ত্রিসভায় অনুমোদনও হয়। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় এটি চূড়ান্ত করা হয়।
মান্নান জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পরিকল্পনাটি আরো আধুনিক করতে জামিলুর রেজা চৌধুরীকে প্রধান করে একটি কমিটি গঠন করে। কমিটি গত এপ্রিলে 'ড্যাপ' চূড়ান্ত করে মন্ত্রণালয়ে জমা দেয়।
প্রতিমন্ত্রী বলেন, "আমরা জনগণের স্বার্থের কথা বিবেচনায় রেখে তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনাটিই আরো উপযুক্ত করে চূড়ান্ত করেছি। এতে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা হবে।"
এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ভবিষ্যতে আর নগরবাসীকে এক ঘন্টার বৃষ্টিতে পানিতে ডুবে থাকতে হবে না বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা মহানগরীসহ আশেপাশের এলাকাগুলোর জন্য আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, জলাধার, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, বিনোদনের জন্য পার্ক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিষয় চিহ্নিত করা হবে ড্যাপে। এ পরিকল্পনা অনুযায়ী সবকিছু সংরক্ষণেও সরকার কার্যকর ব্যবস্থা নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৮০৪ঘ.
bdnews24