২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় চীনের ভাইস প্রেসিডেন্ট

চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশে দুদিনের সফরে সোমবার ঢাকা এসে পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 08:05 AM

Updated : 25 Aug 2022, 12:11 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশে দুদিনের সফরে সোমবার ঢাকা এসে পৌঁছেছেন। দুপুর ১২টার দিকে এয়ার চায়নার একটি বিশেষ ফ্লাইটে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছালে ভিভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তাকে স্বাগত জানান। বিমান বন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ চীনা রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। সেখান থেকে চীনের ভাইস প্রেসিডেন্টকে সোনারগাঁও হোটেলে নিয়ে যাওয়া হয়। ঢাকা সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন। বিমান বন্দরে দীপু মনি সাংবাদিকদের বলেন, ''চীনের ভাইস প্রেসিডেন্ট ঢাকায় অবস্থানকালে একটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর হবে। এই চুক্তির আওতায় চীন বাংলাদেশকে ৪ কোটি রেনমিনবি ইউয়ান (১ রেনমিনবি ইউয়ান = ১০.১৬ টাকা) অনুদান দেবে।'' এছাড়া বন্ধু প্রতিম এই দেশটির সঙ্গে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি, বিনিয়োগ, অবকাঠামো, কারিগরি খাতে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। চীনা ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনা ভাইস প্রেসিডেন্টের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠকের পর অর্থনৈতিক সহযোগিতা চুক্তিটি স্বাক্ষর হবে। চীনা ভাইস প্রেসিডেন্ট মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করবেন। এরপর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএস/এসএম/এসএএ/কেএমএস/১৬২৫ঘ.