ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পদে চুক্তিতে থাকা দুই কর্মকর্তার চুক্তির মেয়াদ বৃদ্ধি এবং দুইজনকে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় রোববার এসব নিয়োগের আদেশ জারি করেছে।
চুক্তির মেয়াদ বাড়ানো দুই কর্মকর্তা হলেন- জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমীর মহাপরিচালক ড. এমএ কাশেম এবং বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের পরিচালক সামছুল আলী বিশ্বাস।
এমএ কাশেমের চুক্তির মেয়াদ আগামী ১৫ জুলাই থেকে এবং সামছুল আলী বিশ্বাসের নিয়োগের মেয়াদ ১৮ মে থেকে পরবর্তী দুই বছর বাড়ানো হয়েছে।
অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) থাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক শাহানা বেগমকে কাজে যোগ দেওয়ার দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য একই পদে এবং মাসুদ খানকে কাজে যোগ দেওয়ার দিন থেকে পরবর্তী এক বছরের জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তরের 'ইঞ্জিনিয়ার ইন শিপ সার্ভে' পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
এছাড়া বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব আব্দুস সামাদকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/০০৫৫ ঘ.
bdnews24