২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশ চালু ও সম্পাদকের মুক্তির দাবিতে বিক্ষোভ

দৈনিক আমার দেশের প্রকাশনা চালু রাখা এবং এর ভারপ্রাপ্ত সম্পাদকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 12:06 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দৈনিক আমার দেশের প্রকাশনা চালু রাখা এবং এর ভারপ্রাপ্ত সম্পাদকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাংবাদিকরা। রোববার সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করা হয়। একই দাবিতে সোমবার বিকেল ৩টায় প্রেস ক্লাবের সামনে পেশাজীবীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ বলেন, "মিথ্যা ও সাজানো মামলায় বেআইনিভাবে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। সংবিধান, আইন ও মানবাধিকার আজ ভূলন্ঠিত। রাষ্ট্রীয় সন্ত্রাসের কাছে সব কিছু অসহায়। এটা চলতে পারে না।" গণতন্ত্রে বিশ্বাসী ব্যক্তিদের এর বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী বলেন, "সরকার আমার দেশ বন্ধ করে দিয়ে সাংবাদিক-কর্মচারিদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। স্বৈরাচারি কায়দায় পত্রিকাটি বন্ধ ও আইন কানুন তোয়াক্কা না করে সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। এতে বোঝা যায় সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে না।" সমাবেশে আরো বক্তব্য দেন বিএফইউজে মহাসচিব এমএ আজিজ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অধ্যাপক ডা. এজেড জাহিদ হোসেন, শিক্ষক কর্মচারি ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, বাংলাদেশ ফটো জার্নলিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর আহমেদ মিরন প্রমুখ। এদিকে মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রোববার আসকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী রিমান্ডে নিয়ে মাহমুদুর রহমানকে নির্যাতন করা হয়েছে। এ ধরনের আচরণ এর আগের সরকারগুলোর অগণতান্ত্রিক আচরণের ধারাবাহিকতার ইঙ্গিত বহন করে। নির্বাচিত সরকারের কাছে এ ধরনের আচরণ প্রত্যাশা করা যায় না। বরং এক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির বদল দেখতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএএ/১৯৫৮ঘ.