২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন বাড়ানোর দাবি

জাতীয় শিক্ষানীতি ২০১০ দ্রুত বাস্তবায়ন করে এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমান বেতন ভাতাসহ সমান সুযোগ প্রদানের দাবি করেছে বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যফ্রন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 01:20 PM

Updated : 25 Aug 2022, 12:07 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষানীতি ২০১০ দ্রুত বাস্তবায়ন করে এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমান বেতন ভাতাসহ সমান সুযোগ প্রদানের দাবি করেছে বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যফ্রন্ট। রোববার সকালে রাজধানীর মুক্তাঙ্গনে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মহাসমাবেশে তারা এ দাবি জানান। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। মহাসমাবেশে বক্তারা জাতীয় শিক্ষানীতি-২০১০ কে স্বাগত জানান। তারা বলেন, ১৬ বছর ধরে এমপিওভুক্ত এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন বৃদ্ধি পায়নি। তাই আজ আমরা পথে নেমেছি। ১৯৭৮ সালে অধ্যাদেশ ৯ এর মাধ্যমে এবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের সমমান প্রদান করে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন দেওয়ার ঘোষনা করা হয়। ১৯৮৪ সনে প্রথম রেজিস্ট্রেশন দেওয়া হলেও ১৯৯৪ সাল থেকে শিক্ষক প্রতি ৫০০ টাকা হারে সরকারি অনুদান দেওয়া শুরু হয়। বর্তমানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত আছেন মোট ৭ হাজার ৫৯৫ জন শিক্ষক। এর মধ্যে মাসে ৫০০ টাকা সরকারি বেতন ভাতা পান ৬ হাজার ০৭৬ জন শিক্ষক। বাকি ১ হাজার ৫১৯ জন শিক্ষক বিনা বেতনে কর্মরত আছেন। মহাসমাবেশে বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যফ্রন্টের সভাপতি মাওঃ আব্দুল কাদের মাল বলেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে। আমরা অত্যন্ত মানবিক দাবি নিয়ে আন্দলোনে নেমেছি।২৪ জুনের মধ্যে আমাদের দাবি না মেনে নিলে ২৮ জুন আমরা সকল উপজেলায় অবস্থান ধর্মঘট করব, ২৯ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান ধর্মঘট ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করব। এরপরও দাবি মেনে না নিলে ৪ জুলাই থেকে আমরা কেন্দ্রীয় মহীদ মিনরে আমরন অনশন ধর্মঘট শুরু করব। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক নেতারা। সমাবেশ পরিচালনা করেন ঐক্যফ্রন্টের সদস্য সচিব মোঃ শামছুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেএমএস/১৯০৯ ঘ.