২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার উপরে

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও বৃষ্টির কারণে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 11:56 AM

Updated : 25 Aug 2022, 12:07 PM

সিলেট, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও বৃষ্টির কারণে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোবরার দুপুরে সিলেট পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের ডিভিশনাল ইঞ্জিনিয়ার মো, হেলাল উদ্দিন জানান, সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদ সীমার দশমিক ১২ মিটার ও কানাইঘাট পয়েন্টে দশমিক ৯৪ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলসিদ পয়েন্ট বিপদসীমার দশমিক ৯৬ মিটার ও বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে ১ দশমিক ৪ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে বিয়ানীবাজার উপজেলার সঙ্গে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহর সিলেটের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলা প্রশাসক (ডিসি) সাজ্জাদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদীর পানি বেড়ে বালাগঞ্জ, বিয়ানীবাজার, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জে বন্যা দেখা দিয়েছে। এ পর্যন্ত বন্যা আক্রান্ত এলাকাসমুহে ৪১ মেট্রিক টন চাল ও নগদ ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে তিলপাড়া, দুবাগ, শেওলা ও কুড়ারবাজার ইউনিয়নের মানুষ বন্যায় অক্রান্ত হয়েছেন। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার দে বলেন, এ এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে ৪ মেট্রিক টন চাল ও নগদ ৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা তীরবর্তী পুর্ব পৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, পুর্ব ও পশ্চিম গৌরীপুর, ও বালাগঞ্জ ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল আলম জানান, প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সরকারীভাবে ১৫ মেট্রিকটন চাল ও নগদ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৭৫৬ঘ.