বঙ্গবন্ধুর নামে বিমানবন্দর হচ্ছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের একথা জানান।
বিকাল চারটায় স্পিকার আব্দুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
ময়মনসিংহ-৪ আসনের সাংসদ মতিউর রহমানের এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, “এই বিমান বন্দর নির্মাণের জন্য জায়গা খোঁজা হচ্ছে। এ জন্য একটি প্রি-ফিজিবিলিটি স্ট্যাডি কমিটিও গঠন করা হয়েছে। প্রকল্পের জন্য ৩টি স্থানের নাম সুপারিশ করেছে এই কমিটি।”
ময়মনসিংহ-১০ আসনের সাংসদ গিয়াস উদ্দিন আহমদের আরেক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী জানান, ঢাকা থেকে ৯৮ কিলোমিটার ও ১০৬ কিলোমিটার দূরে ময়মনসিংহের ত্রিশালের দু'টি এবং ঢাকা থেকে এক'শ কিলোমিটার দূরে টাঙ্গাইলের ভুয়াপুরের একটি জায়গা থেকে বিমানবন্দরের স্থান নির্বাচন করা হবে
ঝিনাইদহ-২ আসনের সাংসদ সফিকুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অপ্রতুল চাহিদা ও লোকসানের কারণে যশোর বিমান বন্দরে বিমানের ফ্লাইট পরিচালনা স্থগিত রাখা হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, রাজশাহীর শাহ্ মখদুম বিমান বন্দর চালুর কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য এয়ারলাইন্স রাজশাহীতে তাদের ফ্লাইট পরিচালনায় আগ্রহী নয়।
এসইউএম/এসএএ/১৬৪৯ঘ.
