গোপালগঞ্জ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সদরে শনিবার মধ্য রাতে আগুনে ১১টি দোকান ও মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ছয় জন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, গোপালগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে যাননি।
তারা জানান, রাত ১টার দিকে উপজেলা সদরের মেরী সিনেমা হল সংলগ্ন মার্কেটের একটি চায়ের দোকানে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা পাশের ১১ টি দোকানে ছড়িয়ে পড়ে।
আহতরা হলো- ইব্রাহিম মিয়া (২০), শাওন গাজী (৩০), সরোয়ার গাজী (২৮), দেবাশীষ বাড়ৈ (৩২), জুয়েল হালদার (২৮) ও মাসুম মিয়া (৩০) আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা কোটালীপাড়ার উদ্দেশে রওনা হই। পরে মাঝিগাতী পৌঁছানোর পর পুলিশ স্টেশন আগুন নিভে যাওয়ার খবর দিলে আমরা গোপালগঞ্জে ফিরে যাই।
রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম ও সাবেক পৌর মেয়র শেখ কামাল হোসেন রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
শেখ কবির হোসেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা করেন। তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরো আর্থিক সহায়তা দেওয়ারও আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫২৭ঘ.
bdnews24