সাভার, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার উপজেলায় রোববার দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, ভোর ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমের ব্যাপারি নওগাঁর সাপাহার থানার বাখরপুর গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩২) ও নরসিংদীর দৌলতপুর থানার মনোহরদী গ্রামের শামসুদ্দিনের ছেলে কাজীমুদ্দিন (৩৮)।
সাভার থানার প্রশিক্ষণার্থী উপপরিদর্শক (পিএসআই) সাইফুল ইসলাম জানান, নওগাঁ থেকে আমভর্তি একটি ট্রাক নিয়ে তারা ঢাকায় যাচ্ছিল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আম ভর্তি অন্য ট্রাকের ওপরে থাকা ওই দুই আম ব্যাপারি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।"
লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার শিকার ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।
এ ব্যাপারে সাভার থানায় মামলা করা হয়েছে বলে জানান সাইফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৪৫০ঘ.
bdnews24