গাজীপুর, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার নীলের পাড়ায় শুক্রবার রাতে ছিনতাইকারী সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ সময় আহত হয়েছেন একজন।
নিহতের নাম রাসেল (২৬)। আহত রুহুল আমিন (২৫) জয়দেবপুর থানা হেফাজতে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নীলের পাড়া এলাকার ব্যাবসায়ী রেজাউল বাশার বকুল (২৫) স্থানীয় বাঙ্গালগাছ বাজার থেকে রাতে বাড়ি ফেরার পথে চার ছিনতাইকারী ছুরিকাঘাত করে ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট নিয়ে পালিয়ে যাচ্ছিল।
তার চিৎকারে এলাকাবাসী রুহুল আমিন ও রাসেলকে ধরে পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাসেল মারা যান।
ছিনতাইয়ের ঘটনায় শনিবার জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে। নিহতের ঘটনায় আরো একটি মামলা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৫৬ ঘ.
bdnews24