২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে অবরোধ চলাকালে হামলা, আহত ১৮

রাঙামাটিতে হিল উইমেন্স ফেডারেশনের ডাকা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলাকালে বাঙালিদের হামলায় সাংবাদিকসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 09:06 AM

Updated : 25 Aug 2022, 12:05 PM

রাঙামাটি, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে হিল উইমেন্স ফেডারেশনের ডাকা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলাকালে বাঙালিদের হামলায় সাংবাদিকসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। পুনর্বাসিত বাঙালিরা বিনা উস্কানিতে অবরোধ কর্মসূচিতে অংশগ্রহনকারী নেতা-কর্মীদের উপর হামলা চালিয়েছে বলে দাবি করেছেন এ সংগঠনের সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান। কণিকা বলেন, মানিকছড়ির সাপছড়ি থেকে মিছিল করে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কে মানিকছড়ি পুলিশ চেকপোস্টের কাছে এসে রাস্তায় বসে পড়ে এবং সেখানেই অবস্থান নেয় সংগঠনের নেতা-কর্মীরা। বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিনা উস্কানিতে বাঙালিরা লাঠিসোটা নিয়ে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এসময় সেখানে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলো বলে তিনি দাবি করেন। তিনি জানান, হামলায় তিন সাংবাদিক ও অবরোধকারী ১৫ জন নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে রয়েছেন সজীব চাকমা (২২), জীবন চাকমা (২৩) মিতা চাকমা (২৫), বাংলাভিশন টিভি চ্যানেলের রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথ, নয়া দিগন্তের প্রতিনিধি মো. সোলায়মান এবং এটিএন বাংলার ক্যামেরাম্যান মিল্টন বাহাদুর। এদের মধ্যে সোলায়মান ও নন্দন দেবনাথকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সজীব, জীবন ও মিতা চাকমা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। কোতয়ালী থানার ওসি বাবুল উদ্দিন সরকার হামলার ঘটনা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কল্পনা চাকমা অপহরণ দিবসে জেলা সদরে নারী সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে এবং অপহরণ ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে রাঙামাটিতে শনিবার সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দেয় হিল উইমেন্স ফেডারেশন। শনিবার ভোর ৬ টায় এ কর্মসূচি শুরু করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী এ সংগঠনটি। গত বৃহস্পতিবার রাঙামাটি উপজেলা সদরে ইউপিডিএফ-এর জেলা ইউনিট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হিল উইমেন্স ফেডারেশনের নেতারা এ অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১২ জুন অপহৃত হন। সেই থেকে প্রতি বছরের ১২ জুন কল্পনা চাকমা অপহরণ দিবস হিসেবে পালন করে আসছে সংগঠনটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৫০২ ঘ.