ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরের যুদ্ধাপরাধ বিচারে গঠিত ট্রাইব্যুনালের সংখ্যা আরো বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেন, "চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার আগে করা হবে। এই সরকারের মেয়াদকালে অবশ্যই চিহ্নিত অপরাধীদের বিচার হবে। এজন্য ভবিষ্যতে ট্রাইব্যুনালের সংখ্যা আরো বাড়ানো হতে পারে।"
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এ ধরনের আলোচনা সভা ও সেমিনারের মাধ্যমে জনমত গঠনের আহ্বান জানান তিনি।
আগামী অর্থবছরে (২০১০-১১) যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ১২ কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, "কোনো ষড়যন্ত্র এ বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না।"
সভায় বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, চেতনার পরিবর্তন না হলে রাজাকার, আল বদরদের বিচার করা সম্ভব হবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশ্ব বাঙালি সম্মেলন, বিশ্বকবি সম্মেলন পরিষদ, শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদ ও বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব গবেষণা কেন্দ্র যৌথভাবে 'যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা শীর্ষক' এই অনুষ্ঠান আয়োজন করে।
এতে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, মহিউদ্দীন খান আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জাফর আহমেদ সিদ্দিকী প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২৬ গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হানাদার পাকিস্তানিদের দোসর আল বদর, আল শামস ও শান্তি কমিটির নামে স্বাধীনতাবিরোধীরা হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
মানবতাবিরোধী এই অপরাধীদের বিচারের লক্ষ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধন মহাজোট সরকার এ বছরের ২৫ মার্চ বিচারক প্যানেল ও তদন্ত কর্মকর্তাদের নাম ঘোষণা করে। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে আদালতের আইনজীবীদের নামও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমএসবি/২১২৪ ঘ.
bdnews24