২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশ এর বিশেষ বুলেটিন

দৈনিক আমার দেশ এর প্রকাশনা (ডিক্লারেশন) বাতিলের সরকারি আদেশ আদালত তিন মাসের জন্য স্থগিত করায় পত্রিকার শুক্রবারের সংখ্যা হিসেবে বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 06:51 PM

Updated : 25 Aug 2022, 11:56 AM

ঢাকা, ১০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশ এর প্রকাশনা (ডিক্লারেশন) বাতিলের সরকারি আদেশ আদালত তিন মাসের জন্য স্থগিত করায় পত্রিকার শুক্রবারের সংখ্যা হিসেবে বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়। এর আগে আদালতের আদেশ পাওয়ার পরপরই পত্রিকাটির অনলাইন সংস্করণ চালু করে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার হ্ইাকোর্টের রায়ের পর পত্রিকার সংবাদকর্মীরা কারওয়ানবাজার কার্যালয়ে এসে কাজ শুরু করেন বলে জানান পত্রিকাটির উপ-সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের রায় অনুযায়ী আমরা কাজ শুরু করেছি। পত্রিকাটির অনলাইন সংস্করণ চালু করা হয়েছে।" শুক্রবারের সংখ্যা হিসাবে বৃহস্পতিবার রাতে পত্রিকাটির ৪ পৃষ্ঠার বিশেষ বুলেটিন ছাপা হয়। এর প্রিন্টার্স লাইনে লেখা হয় ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক হাসমত আলী, আমার দেশ পাবলিকেশন্স লি. ৪৪৬/সি ও ৪৪৬/ডি, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত। বৃহস্পতিবার রাতে আমার দেশের কর্মীরা তাদের ছাপাখানায় গিয়ে দেখেন সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। সংবাদ কর্মীদের উপস্থিতিতে সেখানে পুলিশের সংখ্যা বাড়ানো হয়। সংবাদ কর্মীরা ছাপাখানার তালা খুলে দেওয়ার দাবি জানালে পুলিশের পক্ষ থেকে বলা হয়, আদালতের আদেশের কপি তারা পায়নি। সেটা হাতে এলে তালা খুলে দেওয়া হবে। পরে সংবাদ কর্মীরা সেখান থেকে চলে যান। এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের রায়ের কপি পেলে ছাপাখানা খুলে দেবেন তারা। তবে রাত ৯টা পর্যন্ত তিনি কোনো কপি পাননি বলে জানান। পত্রিকাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার-উর-নবী গত সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন। বৃহস্পতিবার হাইকোর্ট পত্রিকার প্রকাশনা বাতিলের সরকারি আদেশ তিন মাস স্থগিত করে রায় দেয়। বিকালে সরকার পক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে। পত্রিকাটির উপ-সম্পাদক বলেন, "আমরা শুনেছি সরকার আপিল করেছে। কিন্তু আপিলের শুনানি হয়নি। আমাদের আইনজীবিরা জানিয়েছেন পত্রিকা প্রকাশে কোনো বাধা নেই।" হাইকোর্টের রায়ের সার্টিফাইড কপি পুলিশ ও জেলা প্রশাসককে দেওয়া হয়েছে বলে জানান আবদাল আহমেদ। সরকার গত ১ জুন বৈধ প্রকাশক না থাকার অভিযোগে আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল করে। পুলিশ ২ জুন ভোররাতে কারওয়ানবাজারের কার্যালয় থেকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএসবি/কেএমএস/০০৪৬ ঘ.