২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুকুর থেকে ৩ ভাইবোনের লাশ উদ্ধার

বরিশালের বাবুগঞ্জে একটি পুকুর থেকে তিন শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা পরস্পর ভাই বোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 09:51 AM

Updated : 25 Aug 2022, 11:59 AM

বরিশাল, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাবুগঞ্জে একটি পুকুর থেকে তিন শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা পরস্পর ভাই বোন। নিহতরা হলো- উপজেলার রহমতপুর ইউনিয়নের উত্তর ক্ষুদ্রকাঠী গ্রামের মাইনুল (৭), মারিয়া (১৩) ও মরিয়ম (৪)। তারা গাজী বাড়ির বাসিন্দা হাফেজ আবদুল মালেকের সন্তান। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গাজী বাড়ির একটি পুকুর থেকে শিশু তিনটির লাশ উদ্ধার করা হয়। বাবুগঞ্জ থানার ওসি আবুল খায়ের জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফিরে ঘরে কাউকে না পেয়ে স্ত্রী ও সন্তানদের খোঁজ শুরু করেন আবদুল মালেক। তিনি বরিশাল ক্যাডেট কলেজের কাছে স্টেশন মসজিদের ইমাম। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তার এক সন্তানের লাশ ভেসে উঠে। এর পর পুকুরে তল্লাশী চালিয়ে অপর দুই সন্তানেরও লাশ উদ্ধার করা হয়। ওসি বলেন, "তিন জনকেই পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে।" স্ত্রী রেনু বেগমের পড়নের কাপড় পুকুর পাড়ে পাওয়া যায়। পরে তাকে পার্শ্ববর্তী রাকুদিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে পাওয়া যায়। আবদুল মালেক জানান, তার স্ত্রী মানসিকভাবে ভারসাম্যহীন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, এই ঘটনার পর রেনু বেগম কাছাকাছি দোয়ারিকা ব্রীজ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় জেলেরা তাকে উদ্ধার করে। ওসি বলেন, "সন্তানদের পানিতে চুবিয়ে হত্যা করে থাকতে পারে রেনু বেগম। সে মানসিক ভারসাম্যহীন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৫৪২ ঘ.