নড়াইল, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকারীকে ছাত্ররা মারধর করায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো নড়াইলের অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা
ওদিকে বাস শ্রমিক ও ছাত্রদের মধ্যে বিরোধের জের ধরে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নড়াইল ভিক্টোরিয়া কলেজ মোড়ে এবং শহরের রূপগঞ্জ এলাকায় দুটি ট্রাকের কাঁচ ভাংচুরের ঘটনা ঘটেছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিক্ষুব্ধ ছাত্ররা বৃহস্পতিবার সকালে মিছিল বের করে। মিছিলের এক পর্যায়ে তারা দুটি ট্রাকে ইট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকলেও অন্যান্য যানবাহন চলছে বলে তিনি জানান।
জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের অভিযোগ, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে মাছিমদিয়া এলাকায় একটি মোটর সাইকেলকে সাইড দেওয়া নিয়ে একটি যাত্রীবাহী বাসের শিমুল (২০) নামের এক সহকারীর বিবাদ হয়। তখন তাকে পিটিয়ে আহত করে মোটর সাইকেলটির আরোহী ছাত্ররা।
শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, ওই ঘটনার প্রতিবাদ জানাতে এবং দোষীদের শাস্তির দাবিতে বুধবার বিকাল ৪টা থেকে জেলার অভ্যন্তরীণ ৯টি রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে দূরপাল্লার বাস চলছে।
অভ্যন্তরীণ রুটে বাস চালু করতে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনা করেছেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সমস্যা সমাধানে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা বাস চালুর আশ্বাস দিয়েছেন।
তবে পুনরায় বাস চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কিউএইচ/এজে/১৪১৬ ঘ.
bdnews24