নড়াইল, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসের এক সহকারীকে মারধর করায় জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
বুধবার বিকাল ৪টার দিকে অভ্যন্তরীণ ৯টি রুটে বাস চলাচল বন্ধ হয়। তবে ঢাকা ও রাজশাহীর সঙ্গে দূরপাল্লার বাস চলাচল অব্যহত রয়েছে।
নড়াইল জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস জানান, বেলা সাড়ে ৩টার দিকে একটি মোটরসাইকেলকে সাইড দেওয়া নিয়ে মাছিমদিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের শিপুল (২০) নামের এক সহকারীকে পিটিয়ে আহত করে মোটরসাইকেলটির আরোহীরা। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর প্রতিবাদ জানাতে এবং দোষীদের শাস্তি দাবি করে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।
নড়াইল সদর থানার ওসি আলমগীর শেখ রাত ৮টা ২০ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি ফয়সালা করতে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/২০২৩ ঘ.
bdnews24