শেরপুর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারি বর্ষণ ও উজানের ঢলে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে শেরপুর সদর উপজেলার কয়েকটি এলাকায় ভাঙন শুরু হয়েছে।
বুধবার দুপুর পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় এই নদের পানি শেরপুর ফেরিঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার বেড়েছে। প্রবল স্রোতে নদীর তীরে দেওয়া ছয়টির মধ্যে চারটি বাঁধ ভেঙে গেছে।
সোমবার থেকে পানি বাড়তে শুরু করার পর উপজেলার চরপক্ষীমারী, বাগলগড়, বেপারীপাড়া, চুনিয়ারচর, ডাকপাড়া, জঙ্গলদী ও ডাকাতের ঘোপ এলাকায় ১৫টি ঘরবাড়ি ও বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এছাড়া বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাগলগড় রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যেকোনো সময় নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আরো ভাঙনের আশঙ্কায় অনেকেই ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি ৬ সেন্টিমিটার বাড়লেও বিপদসীমার অনেক নিচে আছে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন বলেন, ১৫টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। দু'টি স্কুল যেকোনো সময় বিলীন হতে পারে।
তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৬ ঘ.
bdnews24