বগুড়া, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার কড়ই বাজারে বুধবার সকালে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
এর মধ্যে মাসুম বিল্লাহ, বাচ্চু মিয়া, রাজু, শাহিন ও নিজামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নেন। সবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কড়ই গ্রামের রফিকুল ইসলাম (৩০), কায়েতপাড়া গ্রামের উজ্জ্বল (৩২), কামাল (৩৫) ও আজাদুল (৩০) এবং বশিকোড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক (৩৫) নামের পাঁচজনকে আটক করেছে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কড়ই গ্রামের মাসুম বিল্লাহ তার মোবাইল ফোন সেটের একটি মেমোরি কার্ড রফিকুল নামের আরেকজনকে ব্যবহার করতে দেন। কিন্তু রফিকুল পরে তা ফেরত দিতে অস্বীকার করলে মঙ্গলবার তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
এর জেরে সকাল ৯টায় কড়ই বাজারে দু'পক্ষের মধ্যে আবারো কথাকাটাকাটির এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে তারা লাঠিসোটা ও ইটপাটকেল ব্যবহার করে।
এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮১৪ ঘ.
bdnews24