ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সোবহানবাগে বহুতল ভবন প্রিন্স প্লাজায় বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আগুন লাগার আধা ঘণ্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল কর্মীরা।
প্রিন্স প্লাজায় ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাস রয়েছে।
আগুনের ধোঁয়া ভবনে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীরা আতঙ্কে বেরিয়ে আসে।
ড্যাফোডিল ইউনিভার্সিটির নিরাপত্তা কর্মকর্তা আবুল হোসেন রুশদি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে নিচতলার নিয়ন্ত্রণ কক্ষের জেনারেটরে ওই আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর লোকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘণ্টার মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
মেহম্মদপুর ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার শাহ ইমরান জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জেনারেটরে আগুন ধরেছিলো। সেটি নষ্ট হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১৪১৮ ঘ.
bdnews24