জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রীষ্মকালীন ছুটির মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গাছ কেটে উজার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গত ১ জুন বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার পর দরপত্র আহবান করে এই গাছ কাটা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইট এলাকা সংলগ্ন সড়ক দ্বীপ, লাইব্রেরী ভবনের সামনে, পরিবেশ বিজ্ঞান ভবনের পাশে এবং নওয়াব ফয়জুন্নেসা হলের সামনের মাঠ থেকে বিভিন্ন প্রজাতির অর্ধ শতাধিক গাছ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সব গাছের মধ্যে রয়েছে সেগুন, কাঁঠাল, মেহগনি, দেবদারু প্রভৃতি।
এর আগে গত মার্চ মাসে ক্যাম্পাসের পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে প্রায় শতাধিক অ্যাকেশিয়া গাছ কেটে ফেলা হয়।
ছুটির মধ্যে গাছ কেটে ফেলার সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থীরা।
বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী অভিযোগ করে বলেন, "গ্রীষ্মকালীন ছুটির পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নির্বিচারে গাছ কাটা হচ্ছে যা প্রশাসনের ভূমিকাকে প্রশ্ন বিদ্ধ করে।"
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক সামসুল আলম বলেন, "ছুটির মধ্যে গাছ না কেটে বিশ্ববিদ্যালয় চলাকালে কাটলে বিষয়টিতে স্বচ্ছতা থাকতো।" গাছ কাটলে নতুন করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার কথা বলেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিষয়টি জানতে না দেওয়ার জন্যই বন্ধের মধ্যে গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে।"
তবে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিভিন্ন সময়ে হল প্রাধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে পরিবেশ বান্ধব নয় এমন গাছই কেবল কেটে ফেলা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপন, যাচাই বাছাইকরণ ও কর্তন বিষয়ক কমিটির বিশেষজ্ঞ অধ্যাপক আবুল খায়ের বলেন, "সরেজমিনে পরীক্ষা করে দেখে পরিবেশ বান্ধব নয় এবং কাঠের গুণাগুণ নষ্ট হয়ে গেছে এমন গাছ চিহ্নিত করে কেটে ফেলা হচ্ছে।"
অর্ধ শতাধিক গাছ কাটার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "এ পর্যন্ত মাত্র ১০/১৫টি গাছ কাটা হয়েছে।"
গত বছর গ্রীষ্মকালীন ছুটির মধ্যেও ক্যাম্পাসের প্রায় অর্ধশতাধিক গাছ কাটা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/কেএমএস/২২০৩ ঘ.
bdnews24