ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাল্টাপাল্টি অভিযোগে দুই মেরুতে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল প্রশাসন ও ছাত্রলীগ।
দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বঙ্গবন্ধু হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ ড. বায়তুল্লাহ কাদেরীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকালে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এক পর্যায়ে নামফলক ভেঙ্গে তারা প্রাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
পরে উপাচার্যের হস্তক্ষেপে তালা খুলে দেয়া হয় বলে জানান অধ্যাপক কাদেরী।
বায়তুল্লাহ কাদেরী আওয়ামী লীগ সমর্থিত শিক্ষক সংগঠন নীল দলে সক্রিয়।
ছাত্রলীগের কয়েকজন কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যাপক কাদেরী তার দায়িত্ব পালন করেন না। ছাত্রদের কোন প্রয়োজনেই তাকে পাওয়া যায় না।"
তারা দাবি করেন, সোমবার রাতে মাসুম বিল্লাহ নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স আনাতে প্রাধ্যক্ষের সুপারিশের জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়।
ভারপ্রাপ্ত হল প্রাধ্যক্ষ এ সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বহিস্কৃত দুই ছাত্রলীগ কর্মী ওয়াহিদ ও শিহাবকে হলে থাকতে না দেয়ায় তাদের অনুগত কিছু ছাত্র আমাকে সরিয়ে দিতে চাচ্ছে। গত বছর জুলাই মাসে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এদেরকে বহিষ্কার করা হয়।"
তিনি বলেন, বিশৃঙ্খলার জন্য দায়ী সবার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে হলের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিত করা, প্রাধ্যক্ষের সাথে উগ্র আচরণ করা এবং ছাত্রত্ব না থাকার পরও অবৈধভাবে হলে অবস্থানের অভিযোগে হল ছাত্রলীগ সভাপতি মো. শাহিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল প্রশাসন।
হল ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১০০ ঘ.
bdnews24