চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কোন ধরনের কারচুপির চেষ্টা হলে সেখান থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপির সহ সভাপতি আব্দুল্লাহ আল নোমান।
সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম জয়লাভ করবেন বলেও আশা করেন তিনি।
সাবেক মন্ত্রী নোমান মঙ্গলবার দুপুরে নগরীর দক্ষিণ আগ্রাবাদে এক সমাবেশে এ কথা বলেন।
তিনি সকাল থেকে দিনভর নগরীর দেওয়ান হাট মোড়, মিস্ত্রীপাড়া, আগ্রাবাদ, চারিয়া পাড়া, পান্না পাড়া, মনছুরাবাদ, শান্তিবাগসহ বিভিন্ন এলাকায় চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুরের পক্ষে প্রচারণা চালান।
এসময় মেয়রপ্রার্থী মনজুর আলম ছাড়াও চারদলীয় জোটের অন্যমত শরিক জামায়াতে ইসলামীর মহানগর আমির মাওলানা শামসুল ইসলাম, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে মেয়রপ্রার্থী মনজুর বলেন, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অভাবে চট্টগ্রাম মহানগরী জলাবদ্ধতা ও আবর্জনার নগরীতে পরিণত হয়েছে।
চট্টগ্রামকে আধুনিক নগরী বানাতে এবার পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৩৮ ঘ.
bdnews24