২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটের এসপিকে বাধ্যতামূলক অবসর

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাটের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) একেএম মাসুদুল আলমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 02:29 PM

Updated : 25 Aug 2022, 11:51 AM

জয়পুরহাট, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাটের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) একেএম মাসুদুল আলমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। গত ৫ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এর আগে ৩ জুন তাকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার করা হয়েছিল। পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে জয়পুরহাট ছেড়ে বাড়ি চলে যাওয়ার সময় নিজের এই অবসরের কথা সাংবাদিকদের জানান মাসুদুল আলম। তিনি বলেন, গত ৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাকে জয়পুরহাট পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করে। এরপর ৫ জুন (শনিবার) তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। মাসুদূল আলম ১৫ তম বিসিএস-এ নির্বাচিত হয়ে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে যোগদান করেন। তিনি ঝালকাঠির স্বরুপকাঠি উপজেলার পরমপাশা গ্রামের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে। তার বাবাও একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক জয়পুরহাটের কয়েকজন পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাসুদুল আলমের বিরুদ্ধে পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে। এ ছাড়া সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের আলামত সরিয়ে ফেলা ও ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততাসহ আরো কিছু অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জয়পুরহাট ছেড়ে যাওয়ার সময় সদ্য চাকরিচ্যুত এই কর্মকর্তা বলেন, "গত তত্ত্বাবধায়ক সরকারের সময় আমার তত্ত্বাবধানে ১৬ জন কনস্টেবল নিয়োগ করা হয়। এর মধ্যে তিনজনকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দেওয়ার কথা। কিন্তু ওই সময় মুক্তিযোদ্ধা কোটায় কাউকে না পাওয়ায় অতিরিক্ত সাধারণ প্রার্থী থেকে এই তিনজনকে নেওয়া হয়েছিল। "এছাড়া শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের সময় আমি নেত্রকোনা জেলায় চাকরিরত ছিলাম। আর ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় আমি শান্তি মিশনে যাওয়ার প্রস্তুতি হিসেবে মেডিকেল টেস্টে ছিলাম। "সুতরাং আমার এই শাস্তিমূলক ব্যবস্থা রাজনৈতিক প্রতিহিংসা আর বিভাগীয় ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।" এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মাসরুকুর রহমান খালিদ, সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট নুর আলম, পাঁচবিব থানার ওসি বিমান চন্দ্র কর্মকার, সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামালসহ শহরের গণ্যমান্য কয়েকজন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/ডিডি/এমএসবি/২১৪৩ ঘ.