২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশের ৫ সাংবাদিককে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশনা বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশের পাঁচ সাংবাদিককে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 11:51 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকাশনা বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশের পাঁচ সাংবাদিককে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ আমার দেশের পাঁচ সাংবাদিকের আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। আমার দেশের উপ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিশেষ প্রতিনিধি জাহেদ চৌধুরী, সহকারী সম্পাদক সঞ্জিব চৌধুরী, স্টাফ রিপোর্টার আলাউদ্দিন আরিফ ও সাঈদ ইসলাম হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান। আদেশের পর সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত আমার দেশের পাঁচ সাংবাদিককে জামিন দেয়নি, আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে। তবে আত্মসমর্পণ করলে নিু আদালতকে তাদের জামিন আবেদন বিবেচনা করতে বলেছে হাইকোর্ট।" গত ২ জুন তেজগাঁও থানায় তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করে পুলিশ। এতে অভিযোগ করা হয়, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেফতার করতে গেলে তারা পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কেএমএস/২০১৩ ঘ.