কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন পুরান ঢাকার মিটফোর্ড এলাকার মানুষ। ভয় ও উৎকণ্ঠা নিয়েই প্রতিরাতে ঘুমাতে যান তারা।
রাসায়নিক বা দাহ্য পদার্থের কারণে গলি-ঘুপচিময় এই এলাকায় আবার না কোন দুঃস্বপ্নের রাত আসে-এমন আশঙ্কার কথাই সবার মনে।
নিমতলীর ভয়াবহ অগ্নিকান্ডই মিটফোর্ড এলাকার মানুষের জীবনে এমন অস্বস্তি নিয়ে এসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার ৪৫টি ওষুধ মার্কেটে গোডাউন রয়েছে প্রায় ৮ হাজার। অথচ দোকানের সংখ্যা তার অর্ধেকেরও কম, ২ হাজার ৫ শ'।
বাংলাদেশ ড্রাগিষ্ট এন্ড কেমিস্ট সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, গুদামগুলোর মধ্যে কি রয়েছে তা ভাড়া দেওয়া মালিকরাও বলতে পারবেন না।
তাঁর দাবি, এসব গোডাউনের অনেকগুলোতেই অজানা রাসায়নিক পদার্থ রয়েছে। সচেতন না হলে যে কোন সময় নিতমলীর মত বড় ধরণের দূর্ঘটনা ঘটে যেতে পারে বলেও আশঙ্কা করেন মনির।
তিনি বলেন, "গুদামগুলোয় ওষুধের নামে ড্রামে ভর্তি করে এসিড জাতীয় পদার্থ রাখা হয়। তাছাড়া ফসফরাস ও পটাশ জাতীয় পদার্থও রয়েছে।"
সরেজমিনে মিটফোর্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আবুল হাসমত রোড, নুর বক্স লেন, সাত রওজা, আবুল খয়রাত রোড, বংশাল রোডের কিছু অংশের অনেক আবাসিক বাড়ির নীচে দাহ্য জাতীয় পদার্থের গুদাম রয়েছে।
তাছাড়া মিটফোর্ডের মমতাজ মার্কেট, ইউসুফ ম্যানশন, মোনা কমপ্লেক্স, এমসিসি টাওয়ার, আরমানিয়ান স্ট্রিট, সায়েদ হোসেন মার্কেটে দাহ্য জাতীয় পদার্থের গুদাম রয়েছে।
রফিক নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "অধিক ভাড়ার আশায় বাড়ির মালিকরা এ ধরণের গুদামের জন্য ঘর ভাড়া দিয়ে থাকে। আবাসিক এলাকা থেকে দাহ্য পদার্থের এসব গুদাম সরিয়ে নিতে হবে।"
নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক বাসিন্দা জানান, গত বছর এমসিসি টাওয়ারের নীচ তলায় আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস বুদ্ধিমত্তার সাথে পুরো আন্ডার গ্রাউন্ড কক্ষ পানিতে ভরিয়ে না দিলে নিমতলীর থেকেও বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারতো।
এলাকাবাসীর দাবি, মার্কেটটির 'আন্ডার গ্রাউন্ড তলায়' দাহ্য জাতীয় পদার্থ রয়েছে। তবে সেখানকার দোকানদাররা বলছেন, এখানে কোন দাহ্য রাসায়নিক নেই। এটা সুগন্ধির মার্কেট।
তবে কোন কোন পদার্থ দাহ্য জাতীয় জানতে চাইলে একজন দোকান মালিক জানান, মিথানল, জাইলিন, টুইলিন ও এসিটোন দাহ্য জাতীয় পদার্থ যা তারা বিক্রি করেন না।
এদিকে আরমানিয়ান মার্কেটে ৪র্থ তলায় বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে গিয়ে অফিস সহকারি রতন দাস ছাড়া আর কাউকে পাওয়া যায়নি।
রতন জানান, যারা এখনও 'ফায়ার লাইসেন্স' করেনি তারা যেন শিগগিরি তা করে, সেজন্য সমিতির পক্ষ থেকে প্রত্যেক দোকানে চিঠি দেয়া হচ্ছে।
এদিকে সোমবার মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে আবুল হাসনাত রোডের ৪টি গুদাম ও ১টি বৈদ্যুতিক কারখানা সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত। এ সময় দু'জনকে আটকসহ জারিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/কেএমএস/১৮৩০ ঘ.
bdnews24