২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবজারভার 'সাময়িক' বন্ধ

ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভার এর প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছে। জানাচ্ছেন রিয়াজুল বাশার। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 01:04 PM

Updated : 25 Aug 2022, 11:51 AM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মিডিয়া প্রতিবেদক ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভার এর প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে ৬০ বছরের পুরনো দৈনিকটির প্রকাশনা 'সাময়িকভাবে' বন্ধ করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন পত্রিকাটির প্রকাশনা প্রতিষ্ঠান আল হেলাল প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং কোম্পানির চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী। তিনি বলেন, "আমরা পত্রিকাটি টেকওভার করেছি। সাময়িকভাবে এর প্রকাশনা বন্ধ করা হয়েছে। পুনর্গঠন করে এটি পরে আবার প্রকাশ করা হবে।" পত্রিকাটির সাংবাদিকরা জানান, 'বেশ কিছুদিন' পর মঙ্গলবার সকালে পত্রিকা অফিসে আসেন প্রকাশক নাগরিস রহমান ও তার স্বামী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামন্ডলীর সদস্য রিয়াজ রহমান। এরপর চেকের মাধ্যমে ৯৪ জন নিয়মিত এবং ২০ জন অনিয়মিত সাংবাদিক-কর্মচারীর পাওয়া বুঝিয়ে দেওয়া হয়। এসময় সাংবাদিক-কর্মচারীদের কাছ থেকে কোনো মামলা মোকদ্দমা না করার বিষয়ে 'না দাবি' নেওয়া হয় এবং মালিকদের পক্ষ থেকেও একই রকম 'না দাবি' দেওয়া হয়। তবে সেখানে কর্মরত কয়েকজন সাংবাদিক জানিয়েছেন তাদের পুরো পাওনা দেওয়া হয়নি। পত্রিকাটির সিনিয়র সহ-সম্পাদক তরুন তপন চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোট ৯২ মাসের বেতনসহ অন্যান্য ভাতা পাওনা রয়েছে। মালিকপক্ষ থেকে আমাদের তিনভাগের একভাগ পরিশোধ করা হয়েছে।" এছাড়া কোনও ধরণের বকেয়া না পেয়ে অবজারভারের ৪ পরিচালকের বিরুদ্ধে ৩১ জন সাংবাদিক গত ৩ জুন হাইকোর্টে রিট আবেদন করেছেন। পরিচালকদের আগামী ৪ সপ্তাহের মধ্যে এ বিষয়ে কারণ দর্শাতে বলেছে আদালত। রিট আবেদনকারীদের একজন অবজারভারের সাবেক সাংবাদিক আইনি ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার অবজারভারের বেশ কিছু সাংবাদিক-কর্মচারীদের এক চতুর্থাংশ বকেয়া পরিশোধ করা হয়েছে। কিন্তু আমাদের ৪৫ জনের ৯২ মাসের বেতন ভাতা বাকী রয়েছে। এরমধ্যে ৩১ জন রিট আবেদন করেছি।" এ বিষয়ে জানতে চাওয়া হলে মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, "মন্ত্রী ও অবজারভারের সম্পাদকের মাধ্যমে সমঝোতা হয়েছে। এখানে কারা পেলো কী পেলোনা তা আমাদের দেখার বিষয় নয়।" এ বিষয়ে জানার জন্য সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে কয়েকবার টেলিফোনে যোগাযোগে করা হলেও তাতে তিনি সাড়া দেননি। অবজারভারের এক সাংবাদিক জানিয়েছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তথ্যমন্ত্রী আবুল কালাম ও আইনমন্ত্রী শফিক আহমেদের মাধ্যমে অবজারভার সমস্যার সমঝোতা হয়। মালিকরা ১০ কোটি টাকায় বকেয়া বেতন-ভাতা পরিশোধ করে পত্রিকার দায়িত্বভার গ্রহণ করবেন বলে সমঝোতা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে পত্রিকাটির সমস্যা সমাধানে সাবেক সেনাপ্রধান মঈন উ আহমেদের দ্বারস্থ হন সাংবাদিক-কর্মচারীরা। তার আগে বিএনপি সরকারের তথ্যমন্ত্রী নাজমুল হুদাও একটি সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হন। ২০০৯ সালের ২৩ মার্চ অবজারভারের দীর্ঘদিনের পুঁঞ্জিভূত সমস্যা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। অনুসন্ধানকালে পত্রিকাটির সাংবদিক-কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই অভিযোগ করেছেন, মালিকপক্ষে প্রয়াত ডানপন্থী হামিদুল হক চৌধুরীর পুত্র খালেদ হামিদুল হকের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিক ইউনিয়নের নেতা ইকবাল সোবহান চৌধুরীর যোগসাজশের পরিণামই দৈনিকটির আজকের হালের জন্য দায়ী। এতে মালিকপক্ষের অন্যান্যদেরও দায় রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অবজারভারে সমস্যা চতুর্থ ওয়েজবোর্ড বাস্তবায়ন, চাকুরিচ্যুত করা বা চাকরি ছেড়ে দেওয়ার পর পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিতে ১৯৯১ সালে সাংবাদিক-কর্মচারীরা আন্দোলন শুরু করে। তৎকালীন তথ্যমন্ত্রী নাজমুল হুদা দুই পক্ষের মধ্যে একটি মধ্যস্ততা করেন। এতে মালিকপক্ষকে পাঁচ কোটির বকেয়া বেতন ভাতা পরিশোধ করে দেওয়ার কথা বলা হয়। কিন্তু পরে তা বাস্তবায়ন হয়নি। ৯১ সালে সাংবাদিক-কর্মচারীরা অবজারভার পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ইকবাল সোবহানই হয়ে ওঠেন অবজারভারের প্রধান নেতা। ১৯৯২ সালে মারা যান হামিদুল হক চৌধুরী। এরপর অবজারভারে মালিকপক্ষের 'কর্তৃত্বশীল' প্রতিনিধি হিসেবে প্রবেশ করেন তার একমাত্র ছেলে খালেদ হামিদুল হক চৌধুরী। খালেদ হামিদুল হককে ইকবাল সোবহান চৌধুরীরাই অবজারভারে নিয়ে আসেন বলে সেখানকার কর্মরত সাংবাদিকরা জানিয়েছেন। খালেদকে অনেকটা ঢাল হিসেবে ব্যবহার করে প্রয়াত প্রতিষ্ঠাতার মেয়ে ও জামাইদের অবজারভারে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। যদিও মেয়েরা প্রতিষ্ঠানটির প্রায় অর্ধেক সম্পদের মালিক। একজন পরিচালক হলেও অবজারভারের সম্পাদক নিয়োগ থেকে শুরু করে সব কাজই শুরু করেন খালেদ। কেএমএ মুনিমকে তিনি ভারপ্রাপ্ত সম্পাদক থেকে সম্পাদক এবং পরে প্রধান সম্পাদক করেন। ১৯৯৮ সালে এক অফিস আদেশে ইকবাল সোবহান চৌধুরীকে সম্পাদক বানান তিনি। আদালতের নির্দেশে আল-হেলাল প্রিন্টিং এন্ড পাবলিশিংয়ে ২০০৮ সালে একটি নিরীক্ষা হয়। নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায়, ১ জানুয়ারি ১৯৯২ থেকে থেকে ৩১ ডিসেম্বর ২০০৭ সাল পর্যন্ত অবজারভার ও চিত্রালীর ২৫৯ জন সাংবাদিক-কর্মচারীর পাওনা টাকার পরিমান ২৬ কোটি ২৪ লাখ ৬৮ হাজার টাকা। ২০০২ সালের অক্টোবর থেকে বেতন বকেয়া হওয়া শুরু হয়। অথচ ২০০২ থেকে ২০০৭ সালে ক্যাশ হিসেবে ৩৬ কোটি ২৮ লাখ ৭৪ হাজার ১৯২ টাকা এসেছে বলে নিরীক্ষায় বলা হচ্ছে। এছাড়া ২০০৭ সালের শেষে ১ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার টাকা ক্যাশে জমা ছিল। প্রবীন এক সাংবাদিকের প্রশ্ন, ২০০৭ সাল শেষে যদি ক্যাশে এক কোটি ৭৬ লাখ টাকা জমা থাকে, তাহলে বেতন হচ্ছে না কেন? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমএসবি/জিএনএ/২০৩২ ঘ.