২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্র-পুলিশ সংঘর্ষে আহত ২০

সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটে মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 12:50 PM

Updated : 25 Aug 2022, 11:51 AM

সিলেট, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটে মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে। আহতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম, প্রচার সম্পাদক পলাশ চৌধুরী, মামুনুর রশীদ, কাহের আহমদ, সাহেদুল হক হায়দার, শহিদুল ইসলাম, মইন উদ্দিন, বাবর আহমদ ও পথচারী কামিল আহমদ। এর মধ্যে নুরুল, পলাশ, কামিল ও মামুনুর রশীদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে সবার পরিচয় পাওয়া যায়নি। গত ১৩ মে পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রী লাঞ্চনার ঘটনায় ছাত্রলীগের ইন্সটিটিউট শাখার আহ্বায়ক সৈকত চন্দ্র রিমিকে বহিষ্কারের দাবিতে ছাত্রলীগের একটি মিছিল থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের বাইরে থেকে আসা মিছিলটি ইন্সটিটিউটে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে পুলিশ মিছিলকারীদের লাঠিপেটা করে। এ সময় তারাও লাঠিসোটা ও ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর হামলা চালায়। প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার বাগমারা গ্রামের আরিফ আহমদ (২৮), দক্ষিণ সুরমার সিলাম এলাকার শফি আহমদ (২০), বালাগঞ্জের চুনারপাড়া এলাকার রহমান আলী (২৮) ও দক্ষিণ সুরমার কাজিরখলা গ্রামের সেলিম মিয়াকে (২৮) গ্রেপ্তার করে। এর মধ্যে প্রথম দু'জন ইন্সটিটিউটের ছাত্র এবং বাকি দু'জন বহিরাগত। এরপর বেলা সাড়ে ৩টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা আটকদের মুক্তির দাবিতে নগরীর ক্রিন ব্রিজ এলাকায় টায়ার জ্বালিয়ে প্রায় আধা ঘন্টা সড়কে অবস্থান করে। ওই সময় র‌্যাবের একটি দল সেখানে গেলে তাদের উদ্দেশে ইটপাটকেল নিক্ষেপ করে। কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, সকালে ছাত্রলীগের একটি মিছিল পলিটেকনিক ইন্সটিটিউটে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের ৫-৬ জন সদস্য আহত হন। গ্রেপ্তার চারজন থানা হেফাজতে আছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ইন্সটিটিউটের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮২৯ ঘ.