২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের নামে কারাগারে কেন, জানতে চেয়েছে হাইকোর্ট

নিরাপত্তা হেফাজতের নামে আক্রান্ত ব্যক্তিদের কারাগারে আটক রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না-সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 10:50 AM

Updated : 25 Aug 2022, 11:51 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তা হেফাজতের নামে আক্রান্ত ব্যক্তিদের কারাগারে আটক রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না-সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। পাশাপাশি প্রকৃত অর্থে 'নিরাপত্তা হেফাজত'-এর ব্যবস্থা করার নির্দেশ কেন দেওয়া হবে না-তাও জানতে চেয়েছে আদালত। স্বরাষ্ট্র, সংস্থাপন, আইন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ১২ জনের কাছেও এসব বিষয়ের ব্যাখ্যা চাওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের বেঞ্চ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। গত ৪ জুন দৈনিক যুগান্তর পত্রিকায় 'তরুণীকে ১০ দিন আটকে রেখে ধর্ষণ করেছে যুবলীগ নেতা' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। রংপুরের কাউনিয়া উপজেলায় গত ১৯ মে এ ঘটনা ঘটে। ২২ বছর বয়সী নির্যাতিতা তরুণী ৩১ মে কাউনিয়া থানায় বুলেট নামের ওই যুবলীগ নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। ওই দিনই মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়। একই দিনে নিরাপত্তা হেফাজতে নিতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রংপুরের মুখ্য বিচারিক হাকিম মেয়েটিকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আর এ ঘটনায় সুপ্রীম কোর্টের তিন আইনজীবী মাহবুব শফিক, ইমরানুল হাই ও কে এম হাফিজুল আলম মঙ্গলবার হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। রিট আবেদনটি পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুব শফিক। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মেয়েটিকে মঙ্গলবারের মধ্যেই জেল হাজত থেকে নিরাপত্তা হেফাজতে নিতে রংপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেয়। পাশাপাশি আগামী ১০ জুন বৃহস্পতিবার মেয়েটিকে নিরাপত্তা দিয়ে হাইকোর্টে হাজির করতে রংপুরের পুলিশ সুপার ও কাউনিয়া থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। মেয়েটিকে কেন জেল হাজতে পাঠানো হয়েছে তার ব্যাখ্যা দেওয়ার জন্য ওইদিন রংপুরের মুখ্য বিচারিক হাকিমকেও হাইকোর্টে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া একই দিনে ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন জমা দিতে রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চেয়ারম্যানকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই আদেশ মঙ্গলবারের মধ্যেই ফ্যাক্স যোগে সংশ্লিষ্টদের জানাতে হাইকোর্টের এই বেঞ্চের ডেপুটি এটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদারকে নির্দেশ দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এসএএ/কেএমএস/১৬৪৩ ঘ.