চাঁদপুর, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলার একটি বাজারে সোমবার গভীর রাতে আগুনে ১৯টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
দমকল কর্মকর্তারা জানিয়েছেন, উপজেলার সাচার বাজারে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে দমকল বাহিনী বলছে, আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়নি।
কচুয়া দমকল বাহিনীর স্টেশন অফিসার রুহুল আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনের খবর পেয়ে কচুয়া, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার তিনটি ইউনিটের দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে ৩০-৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১২৪৮ ঘ.
bdnews24