রাজশাহী, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভের সংবাদ সংগ্রহ করার সময় যুবলীগ কর্মীদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে এ ঘটনা ঘটে।
আহত ফিনানশিয়াল এক্সপ্রেসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বেলাল হোসেনকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বিনোদপুরে লোডশেডিং শুরু হয়। অল্প সময়ের মধ্যে বেশ কয়েকবার বিদ্যুৎ চলে যাওয়ার পর এলাকার ছাত্রবাসে থাকা রাবির ছাত্ররা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে।
এসময় স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ এবং র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্র ও যুবলীগের কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালালে ত্রিমুখী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রাত ১২টার দিকে বিদ্যুৎ এলে ছাত্ররা অবরোধ তুলে নেয়। তখন ওই সংবাদ সংগ্রহ করতে আসা বেলালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে স্থানীয় যুবলীগকর্মীরা। পরে অন্য ছাত্ররা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
শাহ্ মখদুম হলের ছাত্র বেলালের কয়েকজন বন্ধু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই সপ্তাহ আগে হলের গাছের আম পাড়া নিয়ে স্থানীয়দের সঙ্গে ছাত্রদের বিবাদ হয়। ওই ঘটনার জের ধরে স্থানীয় যুবলীগ কর্মী সুজন, সুমনসহ কয়েকজন বেলালকে কুপিয়ে জখম করেছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া জানান, এ ব্যাপারে প্রশাসনের পক্ষে ছাত্র, স্থানীয় লোকজন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রক্টরিয়াল বডির সদস্যরা আহত বেলালের খোঁজ-খবর নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আহত হওয়ার কথা স্বীকার করে মতিহার থানার ওসি আবুল খায়ের রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিনোদপুর এলাকার পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৩১ ঘ.
bdnews24