রাজশাহী, ০৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০১০-১১ অর্থবছরের জন্য ২৬১ কোটি পাঁচ লাখ ৭০ হাজার ৪৪৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার বেলা ১২টায় নগরভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে রাসিক'র অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার, প্রধান রাজস্ব কর্মকর্তা আজাহার আলীসহ পদস্থ কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
বাজেট বক্তৃতায় মেয়র বলেন, "আয় ও ব্যয় সমপরিমাণ ধরে প্রণীত বাজেট বাস্তবায়নে মহানগরবাসীর সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন আমরা গভীরভাবে প্রত্যাশা করি।"
সরকার ও মহানগরবাসীর সচেতনতা, সার্বিক সহযোগিতা ও সমর্থন পেলে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করা সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চলতি ২০০৯-২০১০ অর্থবছরের ১২৮ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার ২৯৫ টাকার সংশোধিত বাজেটও পেশ করেন তিনি।
চলতি অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ২২২ কোটি ৬২ লাখ ৮৬ হাজার ৪৫৮ টাকা। তাতে রাজস্ব আয় ধরা হয়েছিল ৪৯ কোটি ৭৬ লাখ ৯৮ হাজার ৩৬০ টাকা। সংশোধিত রাজস্ব আয় দাঁড়িয়েছে ২৮ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৮১৮ টাকা।
মেয়র বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডে ২০০টি হস্তচালিত নলকূপ, ১৫ কিলোমিটার পাইপ লাইন, ১০টি উৎপাদক নলকূপ স্থাপন, ৩০টি ক্লোরিনেটর সংযোজন, ৫০০টি মিটার সংযোজনের কাজ চলছে।
এছাড়া ২৬ নম্বর ওয়ার্ডে মহানন্দা আবাসিক এলাকায় ১ দশমিক ২ কিলোমিটার পাইপ লাইন ও ১টি উৎপাদক নলকূপ স্থাপনের কাজ চলছে।
পানি সরবরাহ খাতে নতুন বাজেটে উন্নয়ন সহায়ক তহবিল থেকে ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি জানান, আগামী অর্থবছরে নগরভবনে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। জন্ম নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে উন্নয়ন সহায়ক তহবিলের আওতায় ১ কোটি টাকা বরাদ্দ রাখা হয় প্রস্তাবিত বাজেটে।
বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য ৪ কোটি টাকা এবং ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয় ১ কোটি ৪০ লাখ টাকা।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে জানিয়ে মেয়র বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিশদ বর্ণনা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০২৭ ঘ.
bdnews24