ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বেগুনবাড়িতে ভবন ধসের ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
জাতীয় সংসদের সোমবারের অধিবেশনের শেষ দিকে অনির্ধারিত বক্তব্যে সুরঞ্জিত
এ আহ্বান জানান।
তিনি বলেন, "অবৈধ ভবন নির্মাতাদের অর্থলোভ ও লালসার জন্য এ ধরনের ঘটনা ঘটেছে। প্রশাসনের অবহেলা, দুর্নীতি এবং অবৈধ ভবন নির্মাতাদের সঙ্গে প্রশাসনের যোগসাজশে এ ধরনের ঘটনা ঘটেছে। এর জন্য কাউকে না কাউকে শাস্তি পেতে হবে। ঢাকা শহর অবৈধ ভবন নির্মাতাদের খপ্পরে পড়েছে।"
আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা রাজউক ও ঢাকা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, "রাজউক হচ্ছে দুর্নীতির আখড়া। তারা পাঁচ টাকার প্লট তিন টাকায় কিনে ইমারত ব্যবসা করছে।"
তিনি বলেন, নিমতলীতে যে দাহ্য পদার্থ ছিলো, তা কেউ জানতো না। সংসদ সদস্যদের কি আর কোনো দায়-দায়িত্ব নেই। প্রধানমন্ত্রী তার মানবিক দৃষ্টিকোণ থেকে যতটুকু করার তার চেয়েও বেশি করছেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করে সুরঞ্জিত আরো বলেন, ফৌজদারি অপরাধ যাদের হয়েছে তাদের শাস্তি পেতে হবে। এটা শুধুই দুর্ঘটনা নয়। এটা হত্যা। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এই প্রসঙ্গে আরো বক্তব্য রাখেন, মুজিবুল হক চুন্নু এবং ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
চিফ হুইপ আব্দুস শহীদ বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সংসদীয় তদন্ত কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২৩১২ ঘ.
bdnews24