ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধী ও জঙ্গিদের রক্ষা করতেই বিরোধী দলীয় নেত্রী সরকার বিরোধী আন্দোলনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
বিএনপি'র বিগত দুই শাসনামলের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, "তাদের সফলতা একটাই- দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমরা যখন জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তখন উনি (খালেদা জিয়া) আন্দোলন করেন।
"দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদ দিতেই বিএনপি চ্যাম্পিয়ন। দুর্নীতির অবৈধ অর্থ-সম্পদ ও দুর্নীতিবাজদের রক্ষা করতে এবং জঙ্গি ও স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের রক্ষা করতেই উনার এ আন্দোলন।"
বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "মুক্তিযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছিল, ১০ হাজার অপরাধীর বিচার শুরু হয়, গোলাম আযমসহ অনেকের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে একে একে সব বাতিল করলো। যারা বন্দি ছিল তাদের মুক্তি দিলো। রাজনৈতিক দল গঠন করে অপরাধীদের প্রতিষ্ঠিত করলো।"
তিনি বলেন, ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ ধর্ষিত মা-বোনের ইজ্জতের সঙ্গে মোনাফেকী ও বেঈমানী করেছেন জিয়া।
জিয়ার বিরুদ্ধে শত শত সেনা কর্মকর্তা ও সৈনিককে হত্যার অভিযোগ এনে হাসিনা বলেন, যাদের ঘাঁড়ে বন্দুক রেখে তিনি ক্ষমতায় গেছেন তাদের রক্তই আগে নিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, "জাতির পিতা বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছেন। তিনি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে চেয়েছেন সবসময়। এখনো জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি- যেনো দেশের মানুষ পেটভরে খেতে পারে, উন্নত জীবন পায়, শান্তিপূর্ণভাবে জলতে পারে। এ দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই।"
দারিদ্র্য বিমোচন, কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলা, ন্যাশনাল সার্ভিস চালু, একটি বাড়ি একটি খামারসহ আওয়ামী লীগ সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
বিএনপি'র শাসনামলের নানা চিত্র তুলে ধরে খালেদা জিয়ার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
সংসদ নেতা জানান, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর (শেখ হাসিনা) মাইক বন্ধ করে দিতেন স্পিকার। বর্তমান স্পিকার বিরোধী দলীয় নেত্রীর (খালেদা জিয়া) মাইক বন্ধ করে দেন না। যতক্ষণ ইচ্ছে কথা বলেন, এমনকি পৌনে দুই ঘন্টা কথা বলেছেন বিরোধী দলীয় নেতা।
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিরোধী দলীয় নেত্রীর সাংবিধানিক দায়িত্বই হচ্ছে সংসদে এসে কথা বলা। সংবিধানে বিকল্প বাজেট বলে কিছু হয় না। সংবিধান অনুযায়ী, বাজেট নিয়ে যা বলার সংসদে এসে বলতে হবে, রাজপথে নয়।
সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, রাজিউদ্দিন আহমেদ রাজু, মাহবুব উল হক হানিফ, বেগম মন্নুজান সুফিয়ান, হাবিবুর রহমান মোল্লা, গোলাম মোস্তফা, আব্দুল আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২২৫২ ঘ.
bdnews24