চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিন নগরীতে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। অনুমতি ছাড়া কোনো যানবাহন চলতে দেওয়া হবে না।
১৬ জুন রাত ১২টা থেকে নির্বাচনের দিন ১৭ জুন রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে পাঠানো নির্বাচন কমিশন কার্যালয়ের এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, ওই সময় নগরীতে ট্যাক্সি ক্যাব, অটোরিকশা, জিপ, পিকআপ, প্রাইভেটকার, বাস, ট্রাক, টেম্পো, মাইক্রোবাস, যান্ত্রিক ভ্যান সম্পূর্ন বন্ধ থাকবে।
এছাড়া ১৪ জুন মধ্যরাত থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত সকল মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞার কথাও এ চিঠিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপ্রাপ্ত দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচন কমিশনের পর্যবেক্ষক, প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও অ্যাম্বুলেন্সসহ জরুরি কাজে নিয়োজিত যান এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী ও ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সভায় নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ নিষেধাজ্ঞাকে 'মিনি কারফিঊ' হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, "ব্রিটেনের মত দেশে নির্বাচনের সময় একজন পুলিশও লাগে না। কিন্তু আমাদের দেশে এ রকম নিষেধাজ্ঞাসহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়।"
সাখাওয়াত আরো বলেন, "কোনো প্রকার সন্দেহজনক গতিবিধি বা আইন ভাঙ্গার মত কিছু হলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমএসবি/২২৪৫ ঘ.
bdnews24