ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতাকে সংসদে এসে বাজেট প্রস্তাব তুলে ধরার আহ্বান জানিয়ে বলেছেন, তার প্রস্তাব গ্রহণযোগ্য হলে বিবেচনা করা হবে।
সোমবার বিকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়া ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের পর শেখ হাসিনা এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "বাজেট নিয়ে বিকল্প প্রস্তাব থাকলে সংসদে এসে বলেন। এসব প্রস্তাব জনকল্যাণমূলক ও গ্রহণযোগ্য হলে বিবেচনা করা হবে।"
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা বক্তব্য রাখছিলেন।
তিনি খালেদাকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, তার এই বিকল্প বাজেট প্রস্তাবের উদ্দেশ্য যদি হয়ে থাকে জনগণকে বিভ্রান্ত করা, তাহলে জনগণই এর জবাব দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৯৪৪
bdnews24