২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে খুন করে ট্রাক ছিনতাই

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চালককে খুন করে গম বোঝাই একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 11:50 AM

Updated : 25 Aug 2022, 11:48 AM

বগুড়া, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার শাজাহানপুর উপজেলায় চালককে খুন করে গম বোঝাই একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর সোয়া ৪টার দিকে শাজাহানপুর উপজেলার নাটোর সড়কের জামাদারপুকুর এলাকা থেকে চালকের হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত মোখলেছ উদ্দিনের (৪৫) বাড়ি বগুড়ার কাহালু উপজেলার শেখের হাট গ্রামে। তার সহকারী আনোয়ার হোসেনকেও (২৪) একই স্থানে হাত মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। আহত অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর সদর থানার ওসি মো. আনিছুর রহমান সাংবাদিকদের জানান, পুরো মুখমণ্ডল বাঁধা থাকায় শ্বাসরোধ হয়ে চালকের মৃত্যু হয়ে থাকতে পারে। নাটোরের সিংড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি পরে উদ্ধার করা হয় বলেও জানান তিনি। চালকের সহকারী আনোয়ার হোসেন জানান, রোববার রাত ২টার দিকে গম নিয়ে চট্টগ্রাাম থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে আসে ট্রাকটি। সিরাজগঞ্জ রোডের হাটিকুমরুলে যাত্রাবিরতির পর রওনা দিলে বগুড়ার বনানী যাওয়ার কথা বলে ১২০ টাকা ভাড়ায় ছয় ব্যক্তি ট্রাকে ওঠে। তাদেরকে চালকের সঙ্গে বসতে দেওয়া হয়েছিল। এক পর্যায়ে তারা মোখলেছ ও আনোয়ারের হাত-পা বেঁধে সমস্ত মুখমণ্ডল টেপ দিয়ে মুড়িয়ে রাস্তার পাশে ফেলে ট্রাক নিয়ে চলে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭৩২ ঘ.