ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে কোতয়ালী থানার মামলায় মাহমুদুরকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন এবং পুলিশের উপর হামলার তেজগাঁও থানার মামলায় তিন দিনের আইনি হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেছে আদালত।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পৃথক দুজন বিচারক দুই মামলাতেই আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আবেদন নাকচ করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের এই আদেশ দেন।
শুনানিকালে দুইপক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল বাকবিতন্ডা, হৈচৈ, মারমুখী পরিস্থিতির সৃষ্টি হয়।
কোতয়ালী থানার মামলায় উপপরিদর্শক মোখলেসুর রহমান রোববার আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখিয়ে ৭ দিনের আইনি হেফাজতের আবেদন করেন।
সোমবার বিকাল সাড়ে চারটায় শুনানি শেষে ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া কোতয়ালী থানার মামলায় একদিনের হেফাজত মঞ্জুর করেন।
পরে তেঁজগাও থানা পুলিশের উপর হামলা, তাদেরকে অবরুদ্ধ করার মামলায় তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।
তেজগাঁও থানার মামলায় প্রথমে দুপুরে শুনানি হয় মমহানগর হাকিম মেহেদী হাসান তালুকদারের আদালতে। তিনি এবং তার পাশে বসা মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হক আদেশ দিতে বিব্রত বোধ করেন।
পরে বিকাল ৫ টায় তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন ওই মামলায় আবারো শুনানি গ্রহন করেন।
আর কোতয়ালী থানার মামলায় বিকাল ৪ টায় শুনানি হয় এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়ার আদালতে।
এদিকে গত রোববারই হিজবুত তাহরীরের প্রধানসহ ৪ জনের বিরুদ্ধে গত ১৯ এপ্রিল দায়ের করা উত্তরা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মাহমুদুরকে গ্রেফতার দেখিয়ে ১০ দিন রিমান্ড চাওয়া হয়েছে। যে আবেদনের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য রয়েছে।
এ মামলায় হেফাজতের আবেদন জানান পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ টীমের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নূরুল আমিন।
তিনি আবেদনে উল্লেখ করেন, এ মামলায় এর আগে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের প্রধান মহীউদ্দিন এবং যুগ্ম সমন্বয়ক মোর্শেদুল ইসলামকে এ মামলায় গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়। তারা জিজ্ঞাসাবাদে মাহমুদুরকে তাদের পরামর্শক ও মদদদাতা হিসাবে উল্লেখ করেন। তারা জানান, আমার দেশ পত্রিকার প্রিন্টিং প্রেস থেকে হিজবুত তাহরীরের লিফলেট , পোষ্টার ছাপানো হতো। তাছাড়া বিডিআর বিদ্রোহের উপর যে খবর আমার দেশে প্রকাশিত হয় তার সাথে হিজবুত তাহরীরের লিফলেটের সাদৃশ্য রয়েছে।
দুপুরে দফায় দফায় হৈচৈ, তুমুল বাক বিতন্ডার মধ্যে তেজগাঁও থানার মামলায় ৫ দিনের হেফাজতের আবেদন শুনানিকালে বিচারক মেহেদী হাসান তালুকদারের এজলাসে হট্টগোল সৃষ্টি হয়।
মাহমুদুরের পক্ষে হেফাজতের আবেদন বাতিল করে জামিন চান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক, ব্যরিষ্টার আমিনুল হক, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদারসহ প্রায় দুশ আইনজীবী।
দুপুর ২ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত দেড়ঘন্টা ধরে এ মামলার শুনানির প্রথমেই রাষ্ট্রপক্ষে আওয়ামী আইনজীবী পরিষদ নেতা অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল মাহমুদুর রহমানকে উত্তরা ষড়যন্ত্রের নায়ক অভিহিত করায় বিএনপি সমর্থিত মাহমুদুরের আইনজীবীরা ক্ষোভে ফেটে পড়েন। হৈচৈ এর এক পর্যায়ে দুইপক্ষের আইনজীবীদের থামাতে ব্যর্থ হওয়ায় হাকিম মেহেদী হাসান তালুকদার এজলাস থেকে নেমে খাস কামরায় চলে যান।
পনের মিনিট পর তিনি আবার এজলাসে উঠেন। এসময় তাকে সহযোগিতা করার জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হক তার পাশে আসন গ্রহন করেন। মাহমুদুর রহমান কাঠগড়ায় দাড়িয়ে কারাগারে তার দুর্দশার কথা বলতে গেলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিবাদ করায় আবারো দুই পক্ষের মধ্যে বিতন্ডা শুরু হয়।
এক পর্যায়ে রাষ্ট্রপক্ষে শুনানি শুরু করেন ঢাকা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খন্দকার আব্দুল মান্নান। তিনি রিমান্ড আবেদনের পক্ষে বলেন, মঙ্গলবার দিবাগত রাতে যখন প্রতারণা মামলায় আমার দেশ পত্রিকা কার্যালয়ে পুলিশ মাহমুদুরকে গ্রেফতার করতে যায় তখন মাহমুদুরের লোকজন পুলিশদের একটি ঘরে অবরুদ্ধ করে রাখে। এসময় তাদের উপর হামলা চালিয়ে ওসিসহ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে জখম করা হয়।
খন্দকার মাহবুব হোসেন রিমান্ড আবেদনের বিপক্ষে বক্তব্য রেখে মাহমুদুরের জামিন প্রার্থনা করেন। একই আবেদন জানান ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক।
এসময় আবারো হৈচৈ শুরু হলে হাকিম মেহেদী হাসান তালুকদার সশব্দে টেবিল চাপড়ে আইনজীবীদের শান্ত হওয়ার নির্দেশ দেন। টেবিল চাপড়ানোর প্রতিবাদে মাহমুদুরের আইনজীবীরা ক্ষেপে গিয়ে ডায়াসের নীচের পেশকারের টেবিলে থাকা মামলার তালিকা খাতা (কজলিষ্ট) বিচারকের দিকে ছুঁড়ে দেন। এবারও মুখ্য মহানগর হাকিমসহ মহানগর হাকিম শুনানির উপর কোন আদেশ না দিয়ে আবারো খাসকামরায় চলে যান।
কোতয়ালী থানার নতুন মামলায় রোববার মাহমুদুরকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাওয়া হয়।
এদিন ঢাকা মহানগর মহানগর হাকিম এসকে তোফায়েল হাসান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে সোমবার রিমান্ড আবেদনের উপর শুনানির দিন রাখেন।
এ মামলার এজাহারে বলা হয়, গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে প্রতারণা এবং পুলিশের উপর হামলার মামলায় গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের এক-দেড়'শ নেতাকর্মী আদালত প্রাঙ্গনে পুলিশের কাছ থেকে মাহমুদুর রহমানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে কাজে বাধা দেয়।
মামলাটি কোতয়ালী থানায় গত বুধবারই দায়ের করা হয়। এ মামলার বাদি হন কোতয়ালী থানার সহকারী উপ পরিদর্শক শাহাজাহান মিঞা। মামলার তদন্ত কর্মকর্তা একই থানার উপ-পরিদর্শক মোখলেছুর রহমান রোববার আদালতে মাহমুদুর রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। এ মামলায় তেজগাঁও শাখার ছাত্রদল নেতা হাফিুজুর রহমানকে বুধবারই আদালত প্রাঙ্গন থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
মাহমুদুর রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ-পরিদর্শক বাবুল মিঞা এবং মাহমুদুর রহমানের আইনজীবী বেলাল হোসেন জসীম।
এ দিকে বুধবারে রিমান্ড চাওয়া মামলায় রিমান্ড আবেদন নাকচ করে কারা ফটকে মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের আদেশ দিলে বৃহস্পতিবার তেজগাঁও থানার একই তদন্ত কর্মকর্তা এ মামলায় আবারও পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।
পুলিশের উপর হামলা, তাদেরকে আহত করা এবং অবরুদ্ধ করার মামলায় এই রিমান্ড আবেদন করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক রেজাউল করিম।
মাহমুদুরের অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা বিচারক মেহেদী হাসান তালুকদারের ব্যবহারে মর্মাহত। মেহেদীর আচরনে মনে হয়েছে তিনি কোন বিচারক নন বরং আওয়ামী লীগের কর্মী। আইনজীবী বলেন, তারা আর কোন দিন ওই আদালতে যাবেন না।
সানাউল্লা মিয়া আরো বলেন, আলী হোসেনের আদালতে আমরা শুনানি করতে আর যাইনি। ওখানে রাষ্ট্রপক্ষ একতরফা শুনানি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/২৩১৮ ঘ.
bdnews24