২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ তলা ভবনটি ভাঙছে রাজউক

উত্তর বেগুনবাড়িতে হেলে পড়া সাত তলা ভবনটি ভাঙার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 08:06 AM

Updated : 25 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর বেগুনবাড়িতে হেলে পড়া সাত তলা ভবনটি ভাঙার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের ৩০ জন শ্রমিক সোমবার সকাল ১১টায় এ কাজ শুরু করেছেন। সঙ্গে আছেন ভবনমালিকের লোকজনও। এর আগে রোববার ভবনটি ভাঙার কাজ শুরু করেছিলেন মালিকের শ্রমিকরা। শনিবার রাজউক কর্মকর্তারা বলেছিলেন, মালিককে অবিলম্বে বাড়িটি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সোমবার থেকে রাজউকই ভবনটি ভাঙার কাজ শুরু করবে। রাজউকের মহাখালী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা শফিকুল ইসলাম সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে তারা ভবনটি কাছে পৌঁছান। তারপর ১১টা থেকে ৩০ জন শ্রমিক ভাঙার কাজ করছে। রাজউকের কয়েকজন কর্মকর্তা কাজ দেখাশোনা করছেন। গত শুক্রবার উত্তর বেগুনবাড়ির ৪০/এ সাততলা ভবনটি উত্তর দিকে হেলে পড়ে। শনিবারের মধ্যে বাড়ির সব লোক অন্যত্র চলে যায়। এরপর ভেঙে ফেলার জন্য বাড়ির প্রাচীরে নোটিশ টানিয়ে দেয় রাজউক। বিদ্যুৎ সংযোগ কেটে দেয় বিদ্যুৎ বিভাগ। তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য রাজউকের অনুরোধে বাড়িটির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ির মালিক সিরাজ মিয়া কারাগারে রয়েছেন। এর আগে বেগুনবাড়ি এলাকায়ই গত মঙ্গলবার একটি পাঁচতলা ভবন ধসে ২৫ জনের প্রাণহানি হওয়ার পর এই ভবনটি হেলে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনের বাসিন্দা ও আশেপাশের লোকজনের মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এজে/১৪০৪ ঘ.