বাগেরহাট, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে ১১ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে বাগেরহাটের একটি আদালতে।
রোববার বিচার বিভাগীয় হাকিম মো. ইয়ারব হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন কচুয়া উপজেলার পিংগুড়িয়া গ্রামের কোটাল ইদ্রিস আলী।
আদালত মোরেলগঞ্জ থানাকে মামলাটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন, কচুয়ার যশোরদি গ্রামের ইমাম হোসেন দিদার, ইদ্রিস শেখ, দোলোয়ার হোসেন শেখ, মোকসেদ দিদার, ইদ্রিস মোল্লা, রুস্তুম মোল্লা, ফজলুর রহমান দিদার ওরফে নোন, করিম দিদার, শাখারীকাঠি গ্রামের মো. আসমান দিদার, পিংগুড়িয়া গ্রামের ফজলুর রহমান মোল্লা ও মোরেলগঞ্জ উপজেলার মধ্যপুর গ্রামের জলিল শেখ।
এছাড়া অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করা হয়। মামলায় আসামিদের রাজাকার বলে উল্লেখ করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৭১ সালের ২৬ মে মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামে মুক্তিযোদ্ধা ও রাজাকারদের মধ্যে যুদ্ধ হয়। এক পর্যায়ে মুক্তিযোদ্ধারা পিছু হটলে মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান কোটালকে রাজাকাররা ধরে ফেলে এবং বেওনেট দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
মোরেলগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, আদালতের আদেশ থানায় পৌঁছালে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24