শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুল, ক্লাসরুম, খেলার মাঠ সবই আগের মতো আছে। এখনো টিফিনে মুখর হয়ে ওঠে চারপাশ। কেবল চেনা দুটি মুখ নেই। হারিয়ে গেছে আনিকা তাবাস্সুম আর আঙ্কিতা তারান্নুম। দুই বোন, সহপাঠীদের প্রিয় বন্ধু।
ধানমন্ডির ব্রিটিশ কলম্বিয়া স্কুলে আর দেখা যাবে না তাদের। মাঠ জুড়ে বেড়াবে না তারা। নিমতলীর মর্মান্তিক ঘটনা কেড়ে নিয়েছে দুই বোনের প্রাণ।
বৃহস্পতিবারের অগ্নিকান্ডে নিমতলীর ৪১/১ নম্বর ভবনে এই দুই বোনের পরিবারের ১০ জন মারা যায়। তাদের বাবার নাম মো: ফারুক।
স্কুলটির ৮ম শ্রেণীর ছাত্রী ছিলো আনিকা আর ২য় শ্রেণীতে পড়ত আঙ্কিতা। গত বৃহস্পতিবার শেষবারের মতো স্কুলে আসে তারা।
আনিকার বান্ধবী মেঘলা ও এলমা জানায়, দুই বোন প্রাণবন্ত ও উচ্ছ্বল ছিল। বন্ধুবৎসল হওয়ায় প্রায় সবার সাথেই তাদের ভাল সম্পর্ক গড়ে উঠেছিল।
অশ্র" সজল চোখে আঙ্কিতার বান্ধবী নাবিলা জানায়, অন্যদের চেয়ে একটু আলাদাই ছিল আঙ্কিতা। সবাই ওকে খুব আদরও করতো। আর স্কুল শিক্ষিকা রুখসানা রহমান লাকী জানান, শান্তশিষ্ট আঙ্কিতার মৃত্যু কেউই মেনে নিতে পারছে না।
স্কুলটির অপর একজন শিক্ষিকা ফারজানা আহমেদ জেসী জানান, স্কুলে বার্ষিক পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে এগিয়ে ছিল আনিকা। মেধাবী এ ছাত্রীকে হারিয়ে সবাই আজ বাকরুদ্ধ।
দুই বোনের মৃত্যুর খবরে পুরো স্কুল এখন ঢেকে আছে শোকের চাদরে। অদ্ভূত এক শূণ্যতা গ্রাস করছে সবাইকে। শোক আর ভালোবাসায় শিক্ষক সহপাঠীরা স্মরণ করছে আনিকা আর আঙ্কিতাকে। অশ্রুসজল চোখে তাই সবাইকেই বলতে শোনা গেল, "কি যেন নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/কেএমএস/১৯০৬ ঘ.
bdnews24