২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতোবাজির অভিযোগে কেন মামলা নয় কারণ দর্শাও

ফতোয়াবাজির অভিযোগে বগুড়ার চার ব্যক্তির বিরুদ্ধে কেন মামলা দায়ের করা হবে না সরকার এবং ওই ব্যক্তিদের কাছে এর কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 01:06 PM

Updated : 25 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়াবাজির অভিযোগে বগুড়ার চার ব্যক্তির বিরুদ্ধে কেন মামলা দায়ের করা হবে না সরকার এবং ওই ব্যক্তিদের কাছে এর কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। ওই চার ব্যক্তি হলেন- হুারুনুর রশিদ, আবু তাহের, আজিজুর রহমান ও আনসার আলী। রোববার বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। ২০০৭ সালের ১ মে দৈনিক যুগান্তর পত্রিকায় 'বগুড়া জেলার নুনগোলা ইউনিয়নে দশটিকা গ্রামের ফতোয়াবাজরা হিল্লা বিয়েতে বাধ্য করছে' বলে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই ঘটনায় ওই বছরই মানবাধিকার সংগঠনটি একটি রিট আবেদন দায়ের করে। তখনও সরকারের কাছে এই ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছিল হাইকোর্ট। পরে ফতোয়াবাজিতে জড়িতদের নাম ঠিকানা সংগ্রহ করে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়েরের নির্দেশ চেয়ে সংগঠনটি আরেকটি আবেদন দাখিল করে। আদালতে এই আবেদনটির উপর শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, "ফতোয়াবাজরা সংবিধান ও আইন অমান্য করে গ্রামের নিরীহ জনগণকে হিল্লা বিয়েতে বাধ্য করছে। এটি মানবাধিকার ও মৌলিক অধিকার পরিপন্থী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেবি/এসএএ/কেএমএস/১৮৫৩ ঘ.