ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার প্রত্যেকটি বাড়িতে কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা থাকা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।
গত বুধবার রাতে নিমতলীর ভয়াবহ অগ্নিকান্ডে ১১৭ জনের নির্মম মৃত্যু এবং একশ'র বেশী আহত হওয়ার ঘটনা বিষয়টিকে আলোচনায় নিয়ে এসেছে।
বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমান বাস্তবতায় রাজধানীতে যে কোনো মুহুর্তেই অগ্নিকাণ্ড ঘটার আশঙ্কা থেকেই যায়। আর এ জন্যেই প্রতিরোধমূলক ব্যবস্থা থাকলে হতাহত আর ক্ষয়ক্ষতি দুটোই কমবে।
দমকল বাহিনীর সাবেক কর্মকর্তা মো. সেলিম নেওয়াজ ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিটি ঘরে অন্তত একটি করে অগ্নিনির্বাপন যন্ত্র থাকা উচিত।"
তিনি জানান, আজকাল এক ধরণের শুস্ক পাউডার পাওয়া যায় যা রাসায়নিক বা বিদ্যুৎজনিত অথবা যে কোনো ধরণের আগুন নেভানোয় ব্যবহার করা যায়।
ভুঁইয়ার মতে, জরুরি অবস্থায় বের হয়ে আসার জন্য প্রতিটা ঘরেই একটি খোলা জানালা এবং সেই সঙ্গে বেরিয়ে আসার জন্য দড়ি বা মইয়ের ব্যবস্থা থাকা দরকার।
পুরান ঢাকার নবাবপুর রোডের সেফটি ফায়ার প্রোটেকশন কোম্পানির কর্মকর্তা ইসহারুল হক বলেন, "অগ্নিনির্বাপন যন্ত্রের দাম কত হবে তা নির্ভর করছে সেগুলোর ক্ষমতার উপর।"
তিনি জানান, সাধারণভাবে একটি তিন কেজি অগ্নিনির্বাপন যন্ত্রের দাম পড়বে ৯৫০ টাকা এবং পাঁচ কেজি যন্ত্রের দাম ১২৫০ টাকা।
ধানমন্ডির "ম্যাক ইনকরপোরেটেড এ্যান্ড ইন্টিগ্রেটেড কনট্রোল ইকুইপমেন্ট", পুরানা পল্টনের "এসআর ফায়ার ফাইটিং ইক্যুইপমেন্ট" এবং নয়াপল্টনের "বেঙ্গল টেকনোলজিক্যাল করপোরেশন"-এ নানা ধরণের অগ্নিনির্বাপন যন্ত্র পাওয়া যায়।
অগ্নিকাণ্ডে বেশিরভাগ মৃত্যু ঘটে ধোঁয়ায় দম বন্ধ হয়ে। আর এ কারণেই অগ্নিনির্বাপন যন্ত্রের মধ্যে 'গ্যাস মাস্ক' খুব প্রয়োজনীয়। প্রতিটি ঘরেই এই মাস্ক থাকা উচিত বলে মনে করেন দমকল বিশেষজ্ঞ এসএম শাজাহান সাজু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এসএএ/কেএমএস/১৭৫৯ ঘ.
bdnews24