২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গুদামে ছিলো রাসায়নিক দ্রব্যের বড় বড় ড্রাম'

পুরান ঢাকার নবাবকাটরার নিমতলীতে আগুনে পুড়ে যাওয়া পাঁচতলা ভবনটির নীচতলায় রাসায়নিক দ্রব্য গুদামের মালিক কে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 08:05 AM

Updated : 25 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার নবাবকাটরার নিমতলীতে আগুনে পুড়ে যাওয়া পাঁচতলা ভবনটির নীচতলায় রাসায়নিক দ্রব্য গুদামের মালিক কে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। গুদামে কি ধরনের রাসায়নিক পদার্থ ছিল তা কারো জানা নেই। তবে এলাকাবাসী জাকির হোসেন বলেন, "ঘটনার তিনদিন আগেও গুদামটি খালি ছিল। গত মঙ্গলবার ও বুধবার সেখানে রাসায়নিক দ্রব্য ভর্তি বড় বড় ড্রাম ও সাদা রংয়ের বস্তা রাখা হয়।" বৃহস্পতিবার রাতে নিমতলীর ৪৩/১ নম্বর ভবনের নীচ তলার এই গোডাউন থেকেই আগুন অন্য ভবনগুলোতে ছড়িয়ে পড়ে বলে এলাকাবাসী জানান। গুদামের ব্যাপারে বংশাল থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, গুদামের মালিক কে তা এখনো জানা যায়নি। এমনকি যে ভবন থেকে আগুনের সূত্রপাত তার মালিক গোলজারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত ৪৪ নম্বর ভবনের বাসিন্দা ইয়াসিন আরেফিন জজ জানান, এ ঘটনায় তার পরিবারের ৬ জন মারা গেছে। ৪৩/১ নম্বর ভবনের নীচ তলায় রাসায়নিক দ্রব্যের গোডাউন না থাকলে এ ঘটনা ঘটতো না বলে তিনি দাবি করেন। এলাকাবাসী জানান, গুদামের মালিক পুরান ঢাকার কসাইটুলি এলাকার বাসিন্দা। তবে তার নাম কেউ বলতে পারেননি। তারা জানান, গুদামের মালিক মাঝে মাঝে এসে মালামাল রেখে যেত। এলাকার বাসিন্দা আকবর আলী জানান, ৪৩/১ নম্বর বাড়ির মালিক গোলজার কিছুদিন আগে বাড়িটি কিনেন। গোলজার আগে কসাইটুলিত থাকতেন। আকবর আলী বলেন, "কসাইটুলি এলাকার তার কোন আত্মীয় বা পরিচিত জন এ গুদামের মালিক হতে পারে।" ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফ ইসরাইল জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে গুদাম থেকে আগুনের স্ফুলিংঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে। গুদামে ইথানল এবং অন্য কোনো ধরনের দাহ্য পদার্থ রাখা ছিল বলে তিনি ধারণা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমইউএস/কেএমএস/১৩৪১ ঘ.