চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী, পূর্বকোণ ও বীর চট্টগ্রাম মঞ্চ প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিউজে)।
আগামী ৮ থেকে ১০ জুন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
একই দাবিতে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়। ওই অনশন কর্মসূচি থেকে সিউজে নেতারা তিনদিনের এ ধর্মঘটের ডাক দেন।
অনশন কর্মসূচিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অবিলম্বে স্থানীয় তিনটি দৈনিকসহ সব পত্রিকায় সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানিয়ে সাংবাদিকদের জীবনমান উন্নয়নেরও দাবি জানান।
সমাবেশে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে সংহতি জানিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, সিইউজের সভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, সিইউজের সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামলসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতার বক্তব্য রাখেন।
সবশেষে মহিউদ্দিন চৌধুরী সাংবাদিক নেতাদের শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১০৫১ ঘ.
bdnews24