মৌলভীবাজার, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব পরিবেশ দিবসে শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে পাঁচটি প্রাণী অবমুক্ত করা হয়েছে।
এছাড়া পাহাড়ি ছড়ায় ১০ কেজি মাছের পোনাও ছাড়া হয়।
প্রাণীগুলোর মধ্যে রয়েছে- একটি লজ্জাবতী বানর, একটি বাদামী বানর, একটি ঈগল, দু'টি সোনালী কচ্ছপ, পাঁচ কেজি কুচিয়া ও পাঁচ কেজি অন্য মাছের পোনা।
বিকাল সাড়ে ৩টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে এসব বন্যপ্রাণী অবমুক্ত করেন জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ।
শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সংরক্ষণবিদ সীতেশ রঞ্জন দেব জানান, এসব প্রাণী লাউয়াছড়াসহ জেলার বিভিন্ন সংরক্ষিত বন থেকে লোকালয়ে বের হয়ে মানুষের হাতে ধরা পড়ে। কোনো কোনোটি মানুষের হাতে আহতও হয়।
তিনি প্রাণীগুলোকে উদ্ধার করে ব্যক্তিগত মিনি চিড়িয়িাখানায় রেখে সুস্থ করে তোলেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও তিনি এ উদ্যোগ নেন বলে জানান।
অবমুক্ত করা উপলক্ষে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার বন বিভাগের (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ) সিলেট বিভাগীয় কর্মকর্তা মাহবুবুর রহমান, রেঞ্জার (বন্যপ্রাণী) এ কে এম আজহারুল ইসলাম, বন্যপ্রাণী সংরক্ষণবিদ সীতেশ রঞ্জন দেব ও স্থানীয় সাংবাদিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৬ ঘ.
bdnews24