ঢাকা জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় রাজধানীর দুটি হাসপাতাল মর্গে ৮ টি মৃতদেহ সনাক্ত করতে পারছেন না তাদের স্বজনরা।
তারা মৃত স্বজনকে খুঁজছেন। কিন্তু বুঝতে পারছেন না লাশগুলোর মধ্যে কে তাদের স্বজন।
ঢাকার জেলা প্রশাসক মো. মুহিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পর্যন্ত মারা যাওয়া ১১৭ জনের মধ্যে ১০৯ জনের মৃতদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অতিরিক্ত পুড়ে যাওয়ায় ৮জনের মৃতদেহ এখনো সনাক্ত করতে পারছেন না তাদের স্বজনেরা।"
এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ২ জনের মৃতদেহ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ৬ জনের মৃতদেহ রয়েছে।
ডিএমসিএইচ মর্গের সামনে গোলাম আলী জানান, এখনো তার ভাগ্নে মনোয়ারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিটফোর্ড হাসপাতাল (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল) মর্গে খুঁজে এসেছেন। সেখানকার মৃতদেহগুলোর সাথে মিল বুঝতে পারছেন না। এখানে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) সকালে একবার দেখে গেছেন। এখন আবার এসেছেন, যদি কোন চিহ্ন মিলে যায়!
মর্গের একজন কর্মী জানান, সকাল থেকে বেশ কয়েকজন তাদের স্বজনের খোজে মর্গ ঘুরে গেছেন। কিন্তু মৃতদেহ দুটি দেখে তারা কোন সিদ্ধান্ত নিতে পারছেন না।
মিটফোর্ড হাসপাতাল মর্গে দায়িত্ব পালনরত মো. বিল্লাল হোসেন জানান, এখানে ৬ টি মৃতদেহ রয়েছে। অনেকেই স্বজনদের খুঁজতে আমাদের কাছে আসছেন। কিন্তু মৃতদেহ স্বজনের বলে কেউ দাবি করেনি।
রাজধানীর আজিমপুর কবরস্থান ও হোসেনী দালান সংলগ্ন কবরস্থানে এ পর্যন্ত ৫৭টি মৃতদেহ দাফন করা হয়েছে। অনেকে স্বজনের মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/২২১৩ ঘ.
bdnews24