ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গেন্ডারিয়ায় পুলিশের উপর বোমা হামলাকারী যুবক সৈকত জেএমবির একজন সক্রিয় কর্মী। তার সহযোগীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
গেন্ডারিয়া থানার ওসি মো. ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সৈকতের আসল নাম মো. বাবুল মিয়া। সে জেএমবির সক্রিয় কর্মী বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।"
তিনি বলেন, বাবুলের নামে গেন্ডারিয়া থানায় বিস্ফোরক আইনে, পুলিশের উপর হামলা এবং জঙ্গি কার্যক্রমে জড়িত থাকায় সন্ত্রাস দমন আইনে তিনটি মামলা হয়েছে।
শুক্রবার রাতেই মামলাগুলো মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সৈকত ও তার এক সহযোগী শুক্রবার সন্ধ্যায় গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ চেকপোস্টে পুলিশের উপর বোমা হামলা চালায়। এ সময় একজন পুলিশ কনস্টেবলসহ মোট চারজন আহত হয়।
পুলিশ সৈকতকে গ্রেপ্তার করলেও তার অপর সহযোগী পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে পাঁচটি গ্রেনেড ও গানপাউডার উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএন/কেএমএস/২১৩৬ ঘ.
bdnews24