২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 03:15 PM

Updated : 25 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার রাত পৌনে ৯ টার দিকে এই বৈঠক শুরু হয়। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। তিনি আরো জানান, সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি সফল করতে চারদলীয় জোট ও একই মতাদর্শের দল এবং পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা কর্মসূচির অংশ হিসেবে জামায়াত নেতাদের সঙ্গে এই বৈঠক হচ্ছে। বৈঠকে জামায়াতের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের আমির মতিউর রহমান নিজামী। প্রতিনিধি দলের অন্যদের মধ্যে আছেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, নায়েবে আমীর মকবুল আহমেদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, আবদুস সুবহান, সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, আবদুর রাজ্জাক। বৈঠকে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও আছেন। এর আগে সকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিরোধী দলীয় নেতার আমন্ত্রণে আমরা আমাদের আমিরের নেতৃত্বে বৈঠকে বসব।" ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনের আগে ১০ ডিসেম্বর জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক হয়। নির্বাচনের পর জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি তার। আন্দোলন কর্মসূচির পক্ষে সমর্থন নিতে খালেদা জিয়া গত ২৭ মে চারদলীয় জোটভুক্ত ও সমর্থিত দল এবং পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের কর্মসূচি শুরু করেন। প্রথম দিন তিনি মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট ও আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপর গত এক সাপ্তাহে খেলাফত মজলিশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি) সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে বৈঠক করেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/কেএমএস/২১১০ ঘ.