ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শান্তিনগরে ২১ তলা ভবনটি ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছেন ইমারত বিশেষজ্ঞ দল।
ভবনের ফাটল পরীক্ষা-নিরীক্ষা করার পর সন্ধ্যায় ওই ভবনের কমিউনিটি হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ দলের প্রধান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফখরুল আমিন সাংবাদিকদের এ কথা জানান।
এই ঘোষণার পর পরই ভবনের বাসিন্দাদের অনেককেই তাদের ফ্ল্যাটে ঢুকতে দেখা যায়।
অধ্যাপক ফখরুল আমিন বলেন, "বাসিন্দারা ভবনটিতে উঠতে পারে। গ্যাস-বিদ্যুত ও পানির লাইনও কিছুক্ষনের মধ্যেই চালু করা হবে। আমরা কিছু ফাটল (ক্র্যাক) দেখেছি। তবে ওই ফাটল মূল ভিত্তিতে নয়, পার্টিশনে। এতে তেমন কোন সমস্যা নেই।"
ভবনটি পুরোপুরি ঝুঁকিমুক্ত কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "কোনও কিছু সম্পর্কে কেউই বলতে পারবে না সেটা ঝুঁকিমুক্ত কি না। তবে আপাতত ঝুঁকিমুক্ত বলা যায়।"
ফখরুল আমিন জানান, ভবনটি পুরোপুরি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য একটি সার্ভে কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করবে।"
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান কোন ধরনের আতঙ্ক না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, "অহেতুক ভীতিকর খবর প্রচার করবেন না। উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনগণের মধ্যে ভীতি না ছড়িয়ে তাদেরকে সাহস দিন।"
তিনি বলেন, "গত কয়েকদিনের দুঃখজনক ঘটনার পর আজকে এই ভবনের খবর মানুষকে আতঙ্কিত করে তুলেছে। এ বিষয়ে বিশেজ্ঞরা বিস্তারিত খোঁজ নিয়েছেন।"
গণপূর্ত প্রতিমন্ত্রী জানান, ভবনের বিষয়ে বিস্তারিত জানতে একজন যুগ্মসচিবকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভবনটি নির্মাণে অনুমোদন রয়েছে কি না, বা অনুমোদনের বাইরে কোন স্থাপনা নির্মান করা হয়েছে কি না, কমিটি এসব তদন্ত করে দেখবে।
সংবাদ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এম আব্দুল করিম, গৃহায়ন ও গণপূর্ত সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, দমকল বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার বিকেলে অধ্যাপক ফখরুল আমিনের নেতৃত্বে তিন সদস্যের ইমারত বিশেষজ্ঞ দল ভবনটি পরীক্ষা শুরু করে। বিশেষজ্ঞ দলটি কনকর্ড কর্তৃপক্ষের কাছে ভবনের নকশা এবং মাটি পরীক্ষার রিপোর্ট চেয়েছে।
দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহীদুল
bdnews24