২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেগুনবাড়ির ৭ তলা ভবন সোমবার ভাঙা শুরু

রাজধানীর উত্তর বেগুনবাড়িতে হেলে পড়া সাত তলা ভবনটি ভেঙে ফেলার কাজ সোমবার শুরু করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 02:07 PM

Updated : 25 Aug 2022, 11:42 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তর বেগুনবাড়িতে হেলে পড়া সাত তলা ভবনটি ভেঙে ফেলার কাজ সোমবার শুরু করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) । সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাততলা বাড়ির ছয় তলা পর্যন্ত ১২টি পরিবার বসবাস করতো। সাত তলা নির্মাণাধীন। এরই মধ্যে বাড়ির সব লোকজন অন্যত্র চলে গেছে। ভেঙে ফেলার জন্য বাড়ির দেয়ালে নোটিশ টানিয়ে দিয়েছে রাজউক। বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। বাড়িটির আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের তেজগাঁও অঞ্চলের জুনিয়র সহকারি ম্যানেজার আব্দুস সালাম বলেন, "রাজউকের অনুরোধে এ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।" তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারি পুলিশ কমিশনার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক সিরাজ মিয়াকে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়। বাড়িটির একজন ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক বলেন, "শুক্রবার বিকাল থেকে বাড়িটির ভেতর কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। রাতে অন্য একটি বাড়িতে থেকেছি। পুলিশ জিনিসপত্র সরিয়ে নিতে বলেছে। কোথায় থাকবো জানি না। চরম দুর্ভোগের মধ্যে পড়েছি।" তিনি আক্ষেপ করে বলেন, "বাড়ি ভাড়া বাবদ অগ্রিম দেওয়া বিশ হাজার টাকা কিভাবে ফেরত পাবো তা বুঝতে পারছি না।" তার মতো আরো অনেকেই টাকা পাবেন বলে জানান রাজ্জাক। হেলে পড়া ভবনটি সর্ম্পকে জানতে চাইলে বাড়িটির তত্ত্বাবধায়ক আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স্বীকার করেন, "তিন তলা পর্যন্ত অনুমোদন নেওয়া হলেও রাজউক কর্মকর্তাদের 'ম্যানেজ' করে ভবনটি সাত তলা করা হয়েছে।" শনিবার সকালে ভবনটি দেখতে গিয়ে রাজউকের পরিচালক (ডেভেলপমেন্ট কন্ট্রোল) শেখ আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনুমোদন ছাড়াই বাড়িটি নির্মাণ করা হয়েছে। মালিককে বাড়িটি ভেঙে ফেলতে বলা হয়েছে। তা না হলে সোমবার থেকে রাজউক বাড়িটি ভাঙার কাজ শুরু করবে।" তবে রাজউক কর্মকর্তাদের 'ম্যানেজ' করে ভবনটি সাত তলা করা হয়েছে, এমন বক্তব্য তিনি মানতে রাজি নন। মান্নান বলেন, "হাতিরঝিল সংলগ্ন বেগুনবাড়ি এলাকায় আরো কিছু অনুমোদনহীন ভবন রয়েছে। সেগুলোও ভেঙে ফেলা হবে। তবে কয়েকটি ভবন না ভাঙার জন্য আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।" রাজউকের মহাখালী জোনাল অফিসের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, "বেগুনবাড়ি এলাকার অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ। অনেক ভবন অনুমোদন ছাড়াই তৈরি করা হয়েছে। এ এলাকায় ঝুঁকিপূর্ণ ২০টি ভবন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১০টি মারাত্মক ঝঁকিপূর্ণ।" পর্যায়ক্রমে এসব ভবন ভাঙা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএএ/কেএমএস/১৯৫৬ ঘ.